২১ নভেম্বর চেন্নাইয়ে কাব্য মারান ও অনিরুদ্ধর গ্র্যান্ড রিসেপশন, আমন্ত্রিত দেশের হেভিওয়েট ব্যক্তিত্বরা
গ্রিসে ব্যক্তিগত পরিসরে বিয়ের পর্ব মিটিয়ে এবার চেন্নাইয়ে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করতে চলেছেন সানরাইজার্স হায়দরাবাদের সহ-মালকিন কাব্য মারান এবং সুরকার অনিরুদ্ধ রবিচন্দর। আগামী ২১ নভেম্বর আয়োজিত এই হাই-প্রোফাইল রিসেপশন ঘিরে এখন থেকেই তুঙ্গে উঠেছে জল্পনা। সান গ্রুপের কর্ণধার কলানিধি মারান এবং কাবেরী মারান এই অনুষ্ঠানের জন্য দেশের প্রথম সারির ভিভিআইপি ও রাজনৈতিক ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানিয়েছেন।
অতিথিদের তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। পাশাপাশি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি.কে শিবকুমারের মতো আঞ্চলিক রাজনীতির শীর্ষস্থানীয় নেতারাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি বিনোদন ও ক্রিকেট জগতের তারকাদের উপস্থিতিও এই অনুষ্ঠানকে বিশেষ মাত্রা দেবে বলে মনে করা হচ্ছে।
বলিউড তারকা শাহরুখ খান এবং অস্কারজয়ী সুরকার এআর রহমানের নামও আমন্ত্রিতদের তালিকায় উঠে আসছে। এছাড়া আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থাকায় ক্রিকেট দুনিয়ার একাধিক তারকা ও কর্তাদেরও এই মেগা ইভেন্টে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে গ্রিসে অত্যন্ত অন্তরঙ্গ পরিবেশে আধুনিক রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই জুটি। এখন চেন্নাইয়ের এই জমকালো রিসেপশনের দিকেই তাকিয়ে রয়েছেন অনুরাগীরা।