সোনাক্ষী সিনহার বিকৃত ছবি ছড়ানোর মামলায় অভিযুক্তকে মুক্তি দিল আদালত
অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিকৃত ও নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরিয়ান দীপক জৈন নামে এক ব্যক্তিকে দিল্লি থেকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। বান্দ্রা থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে সরাসরি মুম্বইয়ে নিয়ে আসা হয় এবং আদালতে পেশ করা হয়। তবে এই গ্রেফতারি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে আদালত।
আদালত লক্ষ্য করে যে, অভিযুক্তকে দিল্লি থেকে মুম্বইয়ে আনার আগে স্থানীয় ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়নি, যা আইনিভাবে বাধ্যতামূলক। এই বিষয়ে পুলিশ কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে। অভিযুক্তের আইনজীবীরাও এই গ্রেফতারিকে সম্পূর্ণ অবৈধ বলে দাবি করেন। আদালত স্পষ্ট জানিয়েছে যে, আইনি নিয়ম লঙ্ঘন করে কাউকে গ্রেফতার করা গ্রহণযোগ্য নয়।
বিচারক উল্লেখ করেন, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-এর ৩৫(১)(বি) ধারা অনুযায়ী, সাত বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে এমন অপরাধের ক্ষেত্রে গ্রেফতারের কারণ ও প্রয়োজনীয়তা লিখিতভাবে নথিভুক্ত করা বাধ্যতামূলক। কিন্তু এই মামলায় সেই নিয়ম মানা হয়নি। শুধুমাত্র তদন্তের প্রয়োজনে আইনি প্রক্রিয়া লঙ্ঘন করে কাউকে আটক রাখা যায় না বলে আদালত মন্তব্য করেছে।