রুটি দীর্ঘক্ষণ নরম ও তুলতুলে রাখার সহজ উপায়

অনেকেরই অভিযোগ থাকে যে, তৈরির কিছুক্ষণ পরেই রুটি শক্ত বা পাথরের মতো হয়ে যায়। সঠিক পদ্ধতিতে আটা মাখা এবং রুটি তৈরির কিছু কৌশল অবলম্বন করলে দীর্ঘক্ষণ রুটি নরম রাখা সম্ভব। নরম রুটি তৈরির প্রথম শর্ত হলো নিখুঁতভাবে আটা মাখা। আটা মাখার সময় একবারে বেশি জল না দিয়ে অল্প অল্প করে জল মেশান এবং অন্তত ৮ থেকে ১০ মিনিট ধরে ভালো করে ময়ান দিন। এতে মণ্ড মসৃণ হয়, যা রুটি নরম করতে সাহায্য করে।

আটা মাখার পরপরই রুটি বেলতে শুরু করবেন না। একটি ভেজা সুতির কাপড় দিয়ে আটার মণ্ডটি ঢেকে অন্তত ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। এতে আটা জল ভালোভাবে শুষে নেয় এবং রুটি বেলতেও সুবিধা হয়। রুটি সেঁকার সময় খেয়াল রাখুন যেন তা অতিরিক্ত সময় তাওয়ায় না থাকে। বেশি সময় ধরে সেঁকলে রুটির ভেতরের আর্দ্রতা কমে গিয়ে তা শক্ত হয়ে যায়। তাই মাঝারি আঁচে দুই পিঠ হালকাভাবে সেঁকে নেওয়াই যথেষ্ট।

রুটি সেঁকার পর তাতে সামান্য ঘি বা তেল ব্রাশ করে নিতে পারেন, যা রুটির নরম ভাব দীর্ঘক্ষণ বজায় রাখতে সাহায্য করে। এছাড়া রুটি তৈরি হওয়ার পর খোলা হাওয়ায় ফেলে না রেখে পরিষ্কার কাপড়ে মুড়ে বা হটপটের মতো গরম রাখার পাত্রে রাখুন। একটি রুটি তৈরির পর অন্যটি বানানোর সময় আগের রুটিটি ঢেকে রাখলে তা দ্রুত শুকিয়ে যায় না। এই ছোট ছোট বিষয়গুলো মেনে চললে ঘণ্টাখানেক পরেও রুটি তুলতুলে ও সুস্বাদু থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *