পেয়ারার বীজ খেলে কি শরীরের ক্ষতি হয়? জেনে নিন চিকিৎসকদের মতামত
পেয়ারা খাওয়ার সময় অনেকেই এর বীজ ফেলে দেন, কিন্তু চিকিৎসকদের মতে, সুস্থ মানুষের জন্য পেয়ারার বীজ খাওয়া সম্পূর্ণ নিরাপদ। পেয়ারার বীজ বেশ শক্ত হওয়ায় তা পাকস্থলীতে পুরোপুরি হজম হয় না। পরিপাকতন্ত্র ফল থেকে প্রয়োজনীয় পুষ্টি শোষণ করে নিলেও বীজের শক্ত আবরণ অক্ষত থাকে। এরপর এই বীজ অন্ত্রের মধ্য দিয়ে স্বাভাবিক প্রক্রিয়ায় মলের সঙ্গে শরীর থেকে বেরিয়ে যায়। তাই বীজ গিলে ফেললে তা পেটে আটকে থাকার কোনো সম্ভাবনা নেই।
ছোটবেলায় অনেকের মনেই ভয় থাকত যে পেয়ারার বীজ গিলে ফেললে পেটে গাছ জন্মাবে। চিকিৎসকরা এই ধারণাকে সম্পূর্ণ ভুল ও অবৈজ্ঞানিক বলে উড়িয়ে দিয়েছেন। পরিপাকতন্ত্রের প্রাকৃতিক প্রক্রিয়ায় বীজ শরীর থেকে বাইরে বেরিয়ে যায়, তাই এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পেয়ারার বীজে কিছু পরিমাণ ফাইবার ও উদ্ভিজ্জ পুষ্টি উপাদান থাকে, যা শরীরের জন্য উপকারী। তবে আলাদা করে শুধু বীজ খেলে বিশেষ কোনো বাড়তি পুষ্টি পাওয়া যায় না, তাই ফলটি চিবিয়ে খাওয়াই শ্রেয়।
স্বাভাবিক পরিমাণে পেয়ারা খাওয়া স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী হলেও অতিরিক্ত পরিমাণে বীজ খেলে কিছু সমস্যা হতে পারে। অতিরিক্ত ফাইবার গ্রহণের ফলে গ্যাস, পেট ফাঁপা বা অস্বস্তি হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে যাঁদের হজমের সমস্যা বা কোষ্ঠকাঠিন্যের প্রবণতা রয়েছে, তাঁদের পরিমিত পরিমাণে পেয়ারা খাওয়াই ভালো। সব মিলিয়ে, সঠিক পরিমাণে পেয়ারা খেলে কোনো ভয়ের কারণ নেই, বরং এটি শরীরের জন্য পুষ্টিকর।