ছট পুজোর মাহাত্ম্য ও চার দিনের কঠোর নিয়মাবলি
প্রাচীন বৈদিক ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ছট পুজো। লোকবিশ্বাস অনুযায়ী, ছটী মাইয়াকে সূর্যদেবের পত্নী ও ভোরের আলোর প্রতীক উষা দেবীর সঙ্গে সম্পর্কিত মনে করা হয়। পৌরাণিক কাহিনি অনুসারে, রাজা প্রিয়ব্রত ও রানি মালিনী নিঃসন্তান থাকার পর ছটী মাইয়ার কৃপায় সন্তান লাভ করেছিলেন। দেবীর অলৌকিক শক্তিতে মৃত শিশু পুনর্জীবন পাওয়ার পর থেকেই সন্তান জন্মের ষষ্ঠ দিনে এই আরাধনার বিশেষ মাহাত্ম্য তৈরি হয়েছে, যা বাংলায় ষষ্ঠীপুজো হিসেবেও পরিচিত।
ছট পুজো মূলত চার দিনের এক কঠোর উৎসব। প্রথম দিন ‘নহায়-খায়’ অনুষ্ঠানের মাধ্যমে শুদ্ধাচার পালন করা হয়। দ্বিতীয় দিন ‘খরনা’-র দিন সারাদিন উপবাসের পর গুড়ের পায়েস ও রুটি প্রসাদ হিসেবে গ্রহণ করে শুরু হয় নির্জলা উপবাস। তৃতীয় দিন নদী বা জলাশয়ে দাঁড়িয়ে ভক্তরা অস্তগামী সূর্যকে ‘সন্ধ্যা অর্ঘ্য’ প্রদান করেন। চতুর্থ ও শেষ দিন ভোরে উদীয়মান সূর্যকে ‘ঊষা অর্ঘ্য’ নিবেদনের মাধ্যমে এই মহা ব্রত সম্পন্ন হয়।
সূর্য ও জলাশয়ের প্রতি কৃতজ্ঞতা এবং জীবনের প্রতিটি পর্যায়কে সম্মান জানানোর অনন্য বার্তা দেয় এই উৎসব। কঠোর নিয়ম ও নিষ্ঠার সঙ্গে পালিত এই ব্রত ভক্তদের জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে বলে বিশ্বাস করা হয়। প্রকৃতির শক্তির আরাধনা এবং পারিবারিক কল্যাণের কামনায় প্রতি বছর বিপুল উৎসাহে পালিত হয় এই বিশেষ উৎসব।