ছট পুজোর মাহাত্ম্য ও ছটী মাইয়ার পৌরাণিক কাহিনি
সন্তানদের মঙ্গল, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মহিলারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ছট ব্রত পালন করেন। লোকবিশ্বাস অনুসারে, ছটী মাইয়াকে সূর্যদেব পত্নী উষা দেবীর সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। তিনি নতুন জীবন ও সৃষ্টির শক্তির প্রতীক। বৈদিক ঐতিহ্য মেনেই ছট পুজোয় সূর্যদেবের পাশাপাশি ছটী মাইয়ার আরাধনা করা হয়। পৌরাণিক কাহিনি অনুযায়ী, রাজা প্রিয়ব্রত ও রানি মালিনীর মৃত সন্তানকে দেবী ছটী মাইয়া পুনর্জীবন দান করেছিলেন। এই ঘটনার পর থেকেই সন্তান জন্মের ষষ্ঠ দিনে তাঁর আরাধনার বিশেষ মাহাত্ম্য তৈরি হয়েছে, যা বাংলায় ষষ্ঠীপুজো হিসেবেও পরিচিত।
হিন্দু লোকাচারে শিশুর জন্মের ষষ্ঠ দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচলিত বিশ্বাস অনুসারে, এই দিনেই ছটী মাইয়া নবজাতকের ভাগ্য নির্ধারণ করেন এবং তার ভবিষ্যৎ জীবনের পথ লিখে দেন। তাই সন্তানের দীর্ঘায়ু ও সুন্দর ভবিষ্যৎ কামনায় পরিবারগুলিতে বিশেষ পুজোর আয়োজন করা হয়। ছট পুজো মূলত চার দিনের এক কঠোর ব্রত। নহায়-খায়, লোহান্ডা ও খরনা, সন্ধ্যা অর্ঘ্য এবং ঊষা অর্ঘ্য—এই চারটি ধাপের মাধ্যমে ব্রত সম্পন্ন হয়। প্রতিটি দিনের আলাদা নিয়ম ও তাৎপর্য রয়েছে।
ছট পুজো কেবল একটি ধর্মীয় আচার নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে প্রকৃতি ও জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের বার্তা। সূর্য ও জল ছাড়া পৃথিবীতে প্রাণের অস্তিত্ব অসম্ভব। এই পুজোয় অস্তগামী ও উদীয়মান উভয় সূর্যকেই অর্ঘ্য দেওয়ার রীতি রয়েছে। এর মাধ্যমে জীবনের উত্থান ও পতন, উভয় অবস্থাকেই সমানভাবে মেনে নেওয়ার শিক্ষা দেয় এই প্রাচীন উৎসব। বাঁশের ডালায় ফল, আখ, নারকেল ও ঠেকুয়া সাজিয়ে নিবেদন করার মাধ্যমে ভক্তরা প্রকৃতির প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন।