সময় রায়নার শো-এর একটি মন্তব্য ঘিরে নেটপাড়ায় তীব্র বিতর্ক
কমেডিয়ান সময় রায়নার একটি শো-এর ক্লিপিংস ঘিরে সোশ্যাল মিডিয়ায় জোর বিতর্ক শুরু হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, মঞ্চে পারফর্ম করার পর সালমা দিওয়ানি নামের এক কন্টেন্ট ক্রিয়েটর জানান যে তাঁর সঙ্গে এক তুতো ভাই বা কাজিন এসেছেন। এই কথা শুনে অভিনেত্রী হুমা কুরেশি জানতে চান কে সেই কাজিন। তখনই সময় রায়না রসিকতা করে বলে ওঠেন, ‘ওঁর স্বামী’। সময়ের এই মন্তব্যের পর হুমা কুরেশিকে কিছুটা অবাক হতে দেখা যায় এবং সময়কে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে নিজের কানে হাত দিতে দেখা যায়।
এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এক্স (টুইটার) এবং রেড্ডিট-এর মতো প্ল্যাটফর্মে নেটিজেনদের একাংশ সময়ের এই মন্তব্যকে একটি বিশেষ সম্প্রদায়কে নিশানা করা হিসেবে দেখছেন। সমালোচকদের মতে, সময় ইচ্ছাকৃতভাবে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় থাকতে চান। তবে নেটিজেনদের অন্য একটি অংশ এই মন্তব্যের সমর্থনেও কথা বলেছেন। তাঁদের মতে, এটি কেবলই একটি রসিকতা এবং এতে বাড়াবাড়ি করার কিছু নেই।
একই শো-তে অভিনেতা কৃষ্ণা অভিষেক ও গোবিন্দার পারিবারিক দ্বন্দ্বের প্রসঙ্গও উঠে আসে। সময় রায়না কৃষ্ণা ও গোবিন্দার সম্পর্ক নিয়ে মন্তব্য করলে কৃষ্ণা তাঁকে সতর্ক করেন। কৃষ্ণা রসিকতা করে বলেন, মামার সঙ্গে বহু বছর পর তাঁর সম্পর্ক স্বাভাবিক হয়েছে, তাই তাঁকে নিয়ে বেশি বাড়াবাড়ি না করাই ভালো। এরপর কমেডিয়ান আশিস সোলঙ্কি গোবিন্দার অতীতে নিজের পায়ে গুলি চালানোর ঘটনার প্রসঙ্গ টেনে রসিকতা করেন। সব মিলিয়ে শো-এর এই টুকরো ঘটনাগুলো এখন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।