নিউজিল্যান্ডের কাছে ফের হার ভারতের, দুই ম্যাচে হজম ৮ গোল
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ফুটবল ম্যাচেও বড় ব্যবধানে হারল ভারত। রবিবার ক্রাইস্টচার্চে আয়োজিত এই ম্যাচে খালিদ জামিলের দল ০-৩ ব্যবধানে পরাজিত হয়েছে। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৫ গোল হজম করেছিল ভারতীয় দল। দুই ম্যাচ মিলিয়ে কিউয়িদের কাছে মোট ৮ গোল খেল ভারত। পুরো ম্যাচে ভারতীয় ফুটবলাররা প্রতিপক্ষকে সেভাবে কোনো চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেননি।
ম্যাচের শুরু থেকেই নিউজিল্যান্ডের দাপট ছিল স্পষ্ট। ২২ মিনিটে ফিন সারম্যানের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ৪০ মিনিটে জেমস ম্যাকগ্যারি এবং ৪৩ মিনিটে অধিনায়ক ক্রিস উড গোল করে ব্যবধান বাড়ান। গোলরক্ষক বিশাল কাইথের ব্যক্তিগত ভুল ভারতীয় দলের হারের পথ প্রশস্ত করে। প্রথমার্ধেই তিন গোল খেয়ে ব্যাকফুটে চলে যায় সফরকারীরা।
দ্বিতীয়ার্ধে গোলরক্ষক পরিবর্তন করে হৃত্বিক তিওয়ারিকে মাঠে নামানো হলেও খেলার মানের বিশেষ উন্নতি হয়নি। যদিও দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হজম করতে হয়নি ভারতকে, তবে নিউজিল্যান্ডের আক্রমণভাগ শেষ পর্যন্ত ভারতীয় রক্ষণকে চাপে রেখেছিল। ফিফা ক্রমতালিকায় এগিয়ে থাকা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের এই পারফরম্যান্স হতাশাজনক। অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার মাসুল দিতে হয়েছে খালিদ জামিলের শিষ্যদের।