কলকাতা নাইট রাইডার্সের মালিকানায় বড় পরিবর্তন, শেয়ার বিক্রি করছেন জয় মেহতা
কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিতে বড়সড় মালিকানা পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। ফ্র্যাঞ্চাইজির অন্যতম মালিক জয় মেহতা তাঁর হাতে থাকা ৪৫ শতাংশ শেয়ারের অর্ধেক অর্থাৎ ২২.৫ শতাংশ শেয়ার মার্কিন বিনিয়োগ সংস্থা ‘এরেস ম্যানেজমেন্ট’-এর কাছে বিক্রি করতে চলেছেন। উল্লেখ্য, এই মার্কিন সংস্থাটি ইতিমধ্যেই চেলসি ফুটবল ক্লাব এবং মিয়ামি ডলফিন্সের মতো বিশ্বখ্যাত ক্রীড়া সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে।
এই শেয়ার হস্তান্তরের বিনিময়ে জয় মেহতা প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৩,৭৩৯ কোটি টাকা পেতে চলেছেন। এই চুক্তির ফলে কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির মোট মূল্যায়ন দাঁড়িয়েছে প্রায় ১.৭৮ বিলিয়ন ডলার বা ১৬,৬৩৪ কোটি টাকা। ২০০৭ সালে শাহরুখ খান, জয় মেহতা এবং জুহি চাওলা যৌথভাবে এই ফ্র্যাঞ্চাইজিটি কিনেছিলেন।
পুরো লেনদেনটি নগদ অর্থে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তবে এই মালিকানা বদলের প্রক্রিয়াটি চূড়ান্ত করার আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই-এর অনুমতি নেওয়া বাধ্যতামূলক। নিয়ম অনুযায়ী, বিসিসিআই এই লেনদেনের বিষয়টি খতিয়ে দেখবে। এই চুক্তির মোট মূল্যের ৫ শতাংশ অর্থাৎ প্রায় ২০০ কোটি টাকা বিসিসিআই ফি বা লভ্যাংশ হিসেবে পেতে পারে বলে জানা গেছে।