ধনেপাতা দীর্ঘদিন টাটকা রাখার সহজ উপায়
শীতকালীন রান্নায় ধনেপাতার ব্যবহার খাবারের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয়। তবে বাজার থেকে কিনে আনার পর সঠিক সংরক্ষণের অভাবে ধনেপাতা দ্রুত শুকিয়ে কালো হয়ে যায় এবং নষ্ট হয়ে যায়। এই সমস্যা এড়াতে কিছু সহজ কৌশল অবলম্বন করলে ধনেপাতা দীর্ঘদিন সতেজ রাখা সম্ভব।
ধনেপাতা সংরক্ষণের প্রথম শর্ত হলো তা ধুয়ে না রাখা। পাতার গায়ে জল লেগে থাকলে তা দ্রুত পচে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি ধুয়ে ফেলতেই হয়, তবে জল পুরোপুরি শুকিয়ে তবেই ফ্রিজে রাখা উচিত। বাজার থেকে আনার পর ধনেপাতা ভালো করে বেছে পরিষ্কার করে নেওয়া জরুরি।
সংরক্ষণের জন্য একটি এয়ারটাইট পাত্রে টিস্যু পেপার বিছিয়ে তার ওপর ধনেপাতা রাখুন এবং ওপরে আরও একটি টিস্যু পেপার দিয়ে ঢেকে দিন। টিস্যু পেপার পাতার অতিরিক্ত আর্দ্রতা শুষে নেয়, ফলে পাতা দীর্ঘদিন টাটকা থাকে। প্লাস্টিকের ব্যাগে ধনেপাতা রাখা এড়িয়ে চলাই ভালো, কারণ এতে জলীয় বাষ্প জমে পাতা দ্রুত নষ্ট হয়।
এয়ারটাইট পাত্রে রাখলে দুই-তিন দিন অন্তর টিস্যু পেপার ভিজেছে কি না তা পরীক্ষা করুন এবং ভিজে গেলে তা বদলে দিন। এছাড়া একটি কাঁচের পাত্রে জল নিয়ে ধনেপাতার শিকড় ডুবিয়ে রাখলেও পাতা অনেকদিন সতেজ থাকে। এই পদ্ধতিগুলো অনুসরণ করলে ধনেপাতা অপচয় রোধ করা সম্ভব।