চিটফান্ডে আমানতকারীদের টাকা ফেরাতে গড়িমসি, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি কলকাতা হাই কোর্টের

চিটফান্ড কাণ্ডে সর্বস্ব হারানো আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি সুদীপ দেবের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, দায়িত্ব পালনে ব্যর্থ হলে কমিটি ভেঙে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। কমিটির পরিকাঠামো ও কর্মীদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে আদালত জানিয়েছে, ৩৪ জন কর্মী থাকা সত্ত্বেও কাজের গতি অত্যন্ত ধীর। বিশেষ করে ১৬ জন ডেটা অপারেটর সারাদিনে মাত্র এক বা দুটি আবেদন নথিভুক্ত করতে পারছেন, যা অত্যন্ত হতাশাজনক।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, কমিটির ওয়েবসাইটে ১০৫টি সংস্থার বদলে মাত্র ৮৯টি সংস্থার উল্লেখ রয়েছে। প্রাথমিক পর্যায়ে দায়িত্ব পাওয়া ৫৩টি সংস্থার ক্ষেত্রেও কতজন টাকা ফেরত পেয়েছেন বা কত আবেদন জমা পড়েছে, তার কোনো পূর্ণাঙ্গ হিসাব নেই। কমিটির পক্ষ থেকে বারবার আদালতের নির্দেশের অপেক্ষায় থাকার যুক্তি দেওয়া হলে বেঞ্চ তা খারিজ করে দেয়। বিচারপতিদের মতে, কমিটির হাতে যথেষ্ট প্রশাসনিক ক্ষমতা থাকা সত্ত্বেও সাধারণ কাজের জন্য আদালতের অনুমতি চাওয়া অগ্রহণযোগ্য।

সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রেও কমিটির ব্যর্থতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে আদালত। ইডির বাজেয়াপ্ত করা সম্পত্তি আমানতকারীদের টাকা ফেরানোর কাজে ব্যবহারের প্রক্রিয়া কেন শুরু হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ২০১৬ সালের রায়ের নির্দেশ থাকা সত্ত্বেও বিশেষ আদালত থেকে সম্পত্তি হস্তান্তরের আবেদন না করাকে কমিটির বড় ব্যর্থতা হিসেবে দেখছে বেঞ্চ। আগামী ৮ ডিসেম্বরের মধ্যে ৫৩টি চিটফান্ড সংক্রান্ত যাবতীয় নথি ও কাজের পূর্ণাঙ্গ রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *