সোশ্যাল মিডিয়ার ভুল পরামর্শে ত্বকের মারাত্মক ক্ষতি, ঘরোয়া যত্ন নেওয়ার আগে সাবধান!

বর্তমান সময়ে রূপচর্চা ও ত্বকের যত্নে ঘরোয়া উপায়ের জনপ্রিয়তা আকাশছোঁয়া। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ত্বক উজ্জ্বল ও পরিষ্কার করার হাজারো পরামর্শ ভেসে বেড়ায়। সাধারণ মানুষও বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়াই এসব টোটকা অন্ধের মতো লুফে নিচ্ছেন। কিন্তু ইন্টারনেটে প্রচারিত সব পরামর্শই যে ত্বকের জন্য নিরাপদ নয়, বরং কিছু উপাদান ত্বকের মারাত্মক ক্ষতি করছে— তা উঠে এসেছে সাম্প্রতিক বিভিন্ন তথ্যে। না জেনে বুঝে ভুল উপাদানের ব্যবহার ত্বকে দীর্ঘমেয়াদি সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
ত্বকের জন্য ক্ষতিকর সাধারণ কিছু উপাদান
অনেকেই মুখের ত্বক পরিষ্কার করতে চিনির স্ক্রাব ব্যবহার করেন। তবে বিশেষজ্ঞদের মতে, চিনির শক্ত কণা মুখের কোমল ত্বককে কেটে ফেলতে পারে, যা থেকে পরবর্তী সময়ে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে। একইভাবে ব্ল্যাকহেড দূর করার জন্য আঠা ব্যবহারের যে প্রবণতা দেখা যায়, তা ত্বকের লোমকূপের ছিদ্র সম্পূর্ণ বন্ধ করে দেয়। এর ফলে ত্বক তার স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নেওয়ার ক্ষমতা হারায়।
ত্বককে উজ্জ্বল করতে লেবুর রসের ব্যবহারও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। লেবুতে থাকা তীব্র অ্যাসিড ত্বকের প্রাকৃতিক সুরক্ষাকবচ নষ্ট করে দেয়, যার ফলে রোদ লাগলেই ত্বক সহজে পুড়ে যায়। এছাড়া, ব্রণ কমানোর আসায় অনেকে টুথপেস্ট ব্যবহার করলেও তা সাময়িক উপশমের পর বড় ধরনের অ্যালার্জি ও ইনফেকশনের জন্ম দেয়।
ভারসাম্য হারাচ্ছে ত্বক, বাড়ছে রোগের ঝুঁকি
ত্বক পরিষ্কার রাখার ক্ষেত্রে গরম জল ও বেকিং সোডার ব্যবহার উপকারের চেয়ে অপকারই বেশি করছে। অতিরিক্ত গরম জল মুখের ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বা ময়েশ্চার সম্পূর্ণ কেড়ে নেয়, ফলে ত্বক শুষ্ক ও নিস্তেজ হয়ে পড়ে। অন্যদিকে, বেকিং সোডা মূলত একটি তীব্র ক্ষারীয় উপাদান। এটি মুখে ব্যবহারের ফলে ত্বকের স্বাভাবিক পিএইচ (pH) মাত্রা বা অম্ল-ক্ষারের ভারসাম্য সম্পূর্ণ বিঘ্নিত হয়, যা ত্বককে বিভিন্ন চর্মরোগের দিকে ঠেলে দেয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমের চটকদার প্রচারণার ফাঁদে পড়ে অনেকেই যাচাই না করে এসব উপাদান ব্যবহার করছেন। এর ফলে ত্বকের স্থায়ী ক্ষতি হওয়া ছাড়াও চর্মরোগ বিশেষজ্ঞদের শরণাপন্ন হওয়ার হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। সুস্থ ও সুন্দর ত্বকের জন্য যেকোনো ঘরোয়া উপাদান ব্যবহারের আগে তার কার্যকারিতা এবং পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি।