‘নলিনীকান্ত ৩’-এর ট্রেলার প্রকাশ, ৩ ডিসেম্বর ক্লিক ওটিটিতে ফিরছেন রজতাভ দত্ত
জনপ্রিয় গোয়েন্দা সিরিজ ‘নলিনীকান্ত’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন ইনস্পেক্টর নলিনীকান্ত কুণ্ডু। এই নতুন সিজনে তদন্তের পরিধি আরও বিস্তৃত হয়েছে। একটি সত্তরোর্ধ্ব বৃদ্ধের রহস্যময় খুনের তদন্ত করতে গিয়ে নলিনীকান্ত আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্র এবং জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক এক ষড়যন্ত্রের সন্ধান পান।
মোনালিসা বসুর রহস্যময় বৃদ্ধাশ্রম থেকে শুরু করে ভারত-নেপাল সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকা পর্যন্ত এই রহস্যের জাল ছড়িয়ে রয়েছে। পরিবার, দেশ ও সভ্যতাকে বাঁচাতে নলিনীকান্তকে এবার বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। সিরিজটিতে নাম ভূমিকায় আবারও দেখা যাবে রজতাভ দত্তকে। পরিচালক রাজদীপ ঘোষের পরিচালনায় এই সিজনে নলিনীকান্তের চরিত্রে নতুনত্ব আনা হয়েছে।
অভিনেতা রজতাভ দত্ত জানিয়েছেন, আগের সিজনের তুলনায় এবার অ্যাকশনের পরিমাণ অনেক বেশি এবং গল্পের বড় অংশের শুটিং হয়েছে পাহাড়ি এলাকায়। রজতাভ দত্তের পাশাপাশি এই সিরিজে অভিনয় করেছেন পায়েল সরকার, মধুমিতা সেনগুপ্ত, ছন্দক চৌধুরী, যুধাজিৎ সরকার, সবুজ বর্ধন, রানা বসু ঠাকুর, সুস্মিতা সাহা, অলোক সান্যাল ও অনুক্তা ঘোষাল। বিশেষ চরিত্রে থাকছেন কৌশিক মুখার্জি ও দেবপ্রসাদ হালদার।
সিরিজটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন সৌমিক চট্টোপাধ্যায় ও রুদ্রদীপ চন্দ্র। সৌমিক চট্টোপাধ্যায়ের সৃষ্টি এই থ্রিলারটি প্রযোজনা করেছেন শান্তনু চট্টোপাধ্যায়। ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে সিরিজটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। আগামী ৩ ডিসেম্বর থেকে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘নলিনীকান্ত ৩’। অপরাধ জগতের গভীর ষড়যন্ত্র ভেদ করে নলিনীকান্ত শেষ পর্যন্ত রহস্যের কিনারা করতে পারেন কি না, তা দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক।