হায়দরাবাদে ‘নশা মুক্ত ভারত পদযাত্রা’: কিষাণ রেড্ডির উদ্যোগে সামিল পুল্লেলা গোপীচাঁদ

মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডির উদ্যোগে আয়োজিত ‘নশা মুক্ত ভারত পদযাত্রা’ হায়দরাবাদে ব্যাপক সাড়া ফেলেছে। এই পদযাত্রার দ্বিতীয় দিনে মুশিরাবাদ থেকে আমিরপেটের সত্যম থিয়েটার পর্যন্ত মিছিলে অংশ নেন প্রখ্যাত ব্যাডমিন্টন কোচ পুল্লেলা গোপীচাঁদ। তিনি কেন্দ্রীয় মন্ত্রীর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং মাদকমুক্ত সমাজ গঠনের সংকল্পকে সমর্থন জানান।

পদযাত্রার উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী কিষাণ রেড্ডি জানান, সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তিনি আশাবাদী। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ২০২৯ সালের মধ্যে মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্য অর্জন করা সম্ভব। নেশার কারণে সমাজে অপরাধ ও অত্যাচারের ঘটনা বৃদ্ধি পাওয়ায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে ছাত্রছাত্রী ও যুবসমাজ মাদকের কবলে পড়লে তাদের ভবিষ্যৎ এবং পারিবারিক কাঠামো যে ধ্বংসের মুখে পড়বে, সে বিষয়ে তিনি সতর্কবার্তা দেন। মাদক মানুষের প্রতিভা ও আত্মবিশ্বাসকে নিঃশেষ করে দেয় বলে উল্লেখ করে কিষাণ রেড্ডি যুবসমাজকে নেশা থেকে দূরে থাকার আহ্বান জানান।

এই পদযাত্রার প্রতি সমর্থন জানিয়েছেন অভিনেতা চিরঞ্জীবীও। তিনি সাধারণ মানুষকে এই সচেতনতামূলক কর্মসূচিতে শামিল হওয়ার জন্য অনুরোধ করেছেন। বৃহস্পতিবার শুরু হওয়া এই পদযাত্রা শুক্রবার শেষ হওয়ার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *