টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরণের পুনর্নিয়োগকে চ্যালেঞ্জ, ৬৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি টাটা ট্রাস্টসের
টাটা সন্সের এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে এন চন্দ্রশেখরনের পুনর্নিয়োগের সিদ্ধান্তকে ঘিরে আইনি জটিলতা তৈরি হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর টাটা সন্সের বোর্ড মিটিংয়ে তাঁকে আরও পাঁচ বছরের জন্য এই পদে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন নোয়েল টাটা। তাঁর দাবি, সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী এই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে টাটা ট্রাস্টসের মনোনীত পরিচালকদের সম্মতি থাকা বাধ্যতামূলক, যা এই ক্ষেত্রে মানা হয়নি।
এই বিরোধের জেরে টাটা ট্রাস্টস আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্যার দোরাবজি টাটা ট্রাস্ট ৫০ কোটি টাকা এবং আর ডি টাটা ট্রাস্ট ১৫ কোটি টাকা মিলিয়ে মোট ৬৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে। পাশাপাশি মামলা দায়েরের দিন থেকে বার্ষিক ১৮ শতাংশ হারে সুদও চাওয়া হয়েছে। ট্রাস্টগুলির অভিযোগ, বোর্ডের বৈঠকে চেয়ারম্যান হরিশ মানওয়ানির কাস্টিং ভোট প্রয়োগের প্রক্রিয়াটি সংস্থার গঠনতন্ত্রের ১২১ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী।
আগামী ৩০ নভেম্বর টাটা সন্সের পরবর্তী বোর্ড মিটিংয়ের আগেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। টাটা ট্রাস্টস চাইছে, ভবিষ্যতে বোর্ডের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের মনোনীত পরিচালকদের সম্মতি ছাড়া কাস্টিং ভোটের মাধ্যমে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া না হোক। এছাড়া চন্দ্রশেখরনের পুনর্নিয়োগের সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদনও জানানো হয়েছে। টাটা সন্সের প্রায় ৬৬ শতাংশ শেয়ারের মালিক টাটা ট্রাস্টস, ফলে এই আইনি লড়াই সংস্থার ভবিষ্যৎ পরিচালন কাঠামো ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার ওপর বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।