পর্তুগালে ২০ মিলিয়ন ইউরো বিনিয়োগে মিনারেল ওয়াটার কারখানা গড়ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ফুটবল মাঠের সাফল্যের পাশাপাশি এবার পানীয় জলের ব্যবসায় নিজের প্রভাব আরও বাড়াতে চলেছেন বিশ্বখ্যাত ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নিজের দেশ পর্তুগালে প্রায় ২০ মিলিয়ন ইউরো বিনিয়োগে একটি অত্যাধুনিক মিনারেল ওয়াটারের কারখানা তৈরি করছেন এই তারকা।

পর্তুগালের ব্রাগানসা জেলার গোস্তেই গ্রামের একটি প্রাকৃতিক জলপ্রস্রবণকে কেন্দ্র করে এই কারখানাটি গড়ে তোলা হচ্ছে। Grupo Outeirinho-র সঙ্গে ৫০-৫০ অংশীদারিত্বে এই নতুন ব্যবসায়িক উদ্যোগ নিয়েছেন তিনি।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের শেষের দিকে এই কারখানার নির্মাণকাজ সম্পূর্ণ হবে এবং ২০২৮ সালের শুরু থেকে আন্তর্জাতিক বাজারে জল রফতানি শুরু হতে পারে।

উল্লেখ্য, ২০২৩ সালের জুন মাসে মাদ্রিদে ‘উরসু৯’ (Ursu9) ব্র্যান্ডের মাধ্যমে জল ব্যবসায় পা রাখেন রোনাল্ডো। স্পেনের আভিলা প্রদেশের প্রাকৃতিক প্রস্রবণ থেকে সংগৃহীত এই জল বর্তমানে স্পেন, চিলি, ব্রিটেন, কম্বোডিয়া এবং উজবেকিস্তানসহ ১৫টিরও বেশি দেশে রফতানি করা হচ্ছে।

স্বাস্থ্য সচেতনতার বার্তা দিতে বরাবরই তৎপর রোনাল্ডো। ২০২১ সালে ইউরো কাপের এক সাংবাদিক বৈঠকে কোকা-কোলার বোতল সরিয়ে জলের বোতল তুলে ধরে তিনি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন। ফিটনেস এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের প্রতি নিজের সেই দায়বদ্ধতা থেকেই তিনি এখন মিনারেল ওয়াটারের ব্যবসায় বড় বিনিয়োগ করছেন। ফুটবল মাঠের বাইরেও নিজের এই নতুন ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে বিশ্ববাজারে বড় লক্ষ্য স্থির করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *