আমতলায় পরিণয়সূত্রে আবদ্ধ হলেন অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায় ও ইনফ্লুয়েন্সার দিশা দাস
দক্ষিণ ২৪ পরগনার আমতলায় এক ঘরোয়া অনুষ্ঠানে বুধবার সন্ধ্যায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায় ও তাঁর প্রেমিকা ইনফ্লুয়েন্সার দিশা দাস। এই অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ঠিক দু’বছর আগে ২০২৪ সালের ২৫ নভেম্বর এই একই দিনে আইনি বিয়ে সেরেছিলেন এই জুটি। সেই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতেই এবার সামাজিক মতে তাঁদের চার হাত এক হলো।
বিয়ের সাজে আধুনিকতার বদলে খাঁটি বাঙালিয়ানার ছোঁয়া ছিল স্পষ্ট। লাল পাঞ্জাবি ও ঘিয়ে রঙের ধুতিতে ঋত্বিককে সাবেকি বরের সাজে দেখা গেছে। অন্যদিকে, কনে দিশা সেজেছিলেন টুকটুকে লাল বেনারসিতে। বিয়ের মেনুতেও ছিল ষোলো আনা বাঙালি খাবারের আয়োজন। স্টার্টারে রকমারি কাবাবের পাশাপাশি মূল পর্বে ছিল কচি পাঁঠার মাংস ও চিংড়ির বিভিন্ন পদ। শেষপাতে চাটনি ও মিষ্টির আয়োজনে আমন্ত্রিত অতিথিরা তৃপ্ত হয়েছেন।
উল্লেখ্য, পেশায় ইনফ্লুয়েন্সার দিশার সঙ্গে ঋত্বিকের আলাপ ২০২৩ সালে একটি অনুষ্ঠানে। সেখান থেকে বন্ধুত্ব এবং পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় তিন বছরের সেই প্রেম অবশেষে বিয়ের পিঁড়িতে পূর্ণতা পেল। ‘এই পথ যদি না শেষ হয়’ ও ‘আনন্দী’ ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি পাওয়া ঋত্বিক আপাতত নতুন জীবন শুরু করায় অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন। আলাদা করে কোনো রিসেপশনের আয়োজন না করে দুই পরিবারের উপস্থিতিতেই বিয়ের সমস্ত অনুষ্ঠান সম্পন্ন করেছেন এই দম্পতি।