রণবীরের ছবির শুটিং, বড় ক্ষতির মুখে উঠতি ক্রিকেটাররা!
মুম্বইয়ের আজাদ ময়দানে সিনেমার শুটিং, বাতিল খুদে ক্রিকেটারদের ম্যাচ: ক্ষুব্ধ এমসিএ
নিজস্ব প্রতিবেদন, মুম্বই: মুম্বইয়ের ঐতিহ্যবাহী আজাদ ময়দানে বাণিজ্যিক সিনেমার শুটিংয়ের অনুমতি দেওয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। শুটিংয়ের কারণে ছোটদের নির্ধারিত ক্রিকেট ম্যাচ বাতিল হওয়ায় মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।
জানা গেছে, অভিনেতা রণবীর অভিনীত নতুন ছবি ‘প্রলয়’-এর শুটিংয়ের জন্য মহারাষ্ট্র সরকারের ক্রীড়া দপ্তরের কাছ থেকে আজাদ ময়দানে ছয় ঘণ্টার ছাড়পত্র নিয়েছিলেন নির্মাতারা। এই অনুমতি পাওয়ার পরই মাঠে বিশাল ক্যামেরা, সেটের কাঠামো এবং কৃত্রিম ঘাস বসানোর কাজ শুরু হয়। আর সেই কারণেই বিঘ্নিত হয়েছে মাঠের নিয়মিত ক্রিকেট সূচি। শুটিংয়ের তোড়জোড়ে বাতিল করতে হয়েছে অনূর্ধ্ব-১৪ এবং অনূর্ধ্ব-১৬ আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্টের একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ।
আজাদ ময়দানের ইতিহাসে এর আগে বাণিজ্যিক সিনেমার জন্য এভাবে মাঠ ব্যবহারের নজির নেই বলে দাবি সংশ্লিষ্ট মহলের। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এমসিএ অ্যাপেক্স কাউন্সিলের সদস্য নাদিম মেমন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, আজাদ ময়দান কোনো ফিল্ম স্টুডিও নয়। এটি এমন এক পীঠস্থান, যেখান থেকে প্রতিভাবান ক্রিকেটাররা জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে উঠে আসেন।
নাদিম মেমন প্রশ্ন তোলেন, “ক্রিকেট মাঠে এভাবে বাণিজ্যিক শুটিং কীভাবে সম্ভব? এতে আমাদের নিয়মিত টুর্নামেন্টের ম্যাচগুলো বাতিল ও পেছাতে বাধ্য হতে হয়েছে। এই ক্ষতির দায়ভার কে নেবে? ক্রীড়া দপ্তরের যেখানে খেলাধুলোকে উৎসাহিত করার কথা, সেখানে তারা এমন বাণিজ্যিক স্বার্থে মাঠ ভাড়া দিচ্ছে কী করে?”
পরিচালক জয় মেহতার ‘প্রলয়’ ছবিটির শুটিং ঘিরে ময়দানের পিচে বিনোদন এবং খেলাধুলোর এই সরাসরি সংঘাত মুম্বই ক্রিকেট মহলে গভীর অসন্তোষের সৃষ্টি করেছে। সরকারি দপ্তরের এমন সিদ্ধান্তে ভবিষ্যতে তরুণ ক্রিকেটারদের অনুশীলনে আরও বড় প্রভাব পড়ার আশঙ্কা করছেন ক্রিকেট কর্তারা।