‘আমার বাবাটা’ বলে কেঁদেছিলেন, শো শেষের আগেই কি ভাঙছে রাজনন্দিনীর প্রেম?
বিগ বস বাংলা: রাজবীর-নন্দিনীর প্রেমে ফাটল? জল্পনা তুঙ্গে
নিজস্ব প্রতিবেদক: ‘বিগ বস বাংলা’র অন্দরমহলে শুরু থেকেই চর্চার কেন্দ্রে রয়েছে রাজবীর ও নন্দিনীর সম্পর্ক। তাঁদের ঘনিষ্ঠতা যেমন দর্শকদের নজর কেড়েছে, তেমনই সমালোচনার মুখেও পড়তে হয়েছে এই জুটিকে। তবে সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনায় এখন প্রশ্ন উঠেছে, শো শেষ হওয়ার আগেই কি বিচ্ছেদের পথে হাঁটছে ‘রাজনন্দিনী’?
অনুষ্ঠানের শুরু থেকেই রাজবীর ও নন্দিনীর ঘনিষ্ঠ মুহূর্তগুলি নিয়ে দর্শকদের মধ্যে যেমন আগ্রহ রয়েছে, তেমনই সোশ্যাল মিডিয়ায় চলছে ট্রোলিং। সম্প্রতি নন্দিনীকে কিছুদিন ‘সিক্রেট রুমে’ রাখা হলে রাজবীরের কান্নার দৃশ্য বেশ ভাইরাল হয়েছিল। কিন্তু নাটকীয়ভাবে নন্দিনী মূল খেলায় ফিরে আসার পর থেকেই সম্পর্কের সমীকরণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
হাউসমেন্টদের একাংশের দাবি, নন্দিনী বাইরে থাকার সময় রাজবীর নাকি মন্তব্য করেছিলেন যে, নন্দিনীর অনুপস্থিতিতে তিনি ‘মুক্তির স্বাদ’ পাচ্ছেন এবং সবার সঙ্গে প্রাণ খুলে কথা বলতে পারছেন। এই মন্তব্যের পর থেকেই দর্শকদের মনে প্রশ্ন দানা বেঁধেছে, নন্দিনীর ফেরাতে রাজবীর আদৌ খুশি কি না।
পরিস্থিতি আরও জটিল হয়েছে রাজবীরের একটি গাফিলতিতে। সম্প্রতি অনুষ্ঠানের এক ঝলকে দেখা গেছে, নন্দিনীর দেওয়া তাঁর নামের আদ্যক্ষর খোদাই করা আংটিটি রাজবীর হারিয়ে ফেলেছেন। এই ঘটনায় নন্দিনীকে মানসিকভাবে ভেঙে পড়তে দেখা যায়। তিনি সরাসরি অভিযোগ করেন যে, তাঁর দেওয়া উপহারের কোনো মূল্য রাজবীরের কাছে নেই। এই ঘটনার পর থেকেই নেটপাড়ায় জল্পনা শুরু হয়েছে, তবে কি চূড়ান্ত বিচ্ছেদের দিকে এগোচ্ছে এই জুটি?
অন্যদিকে, বিষয়টি নিয়ে ভক্তদের একাংশের দাবি, এটি কেবল সাময়িক মনোমালিন্য। এর আগেও একাধিকবার তাঁদের মধ্যে অশান্তি হয়েছে এবং প্রতিবারই সব মিটমাট হয়ে সম্পর্কের স্বাভাবিক ছন্দ ফিরে এসেছে। অনুরাগীদের দৃঢ় বিশ্বাস, এবারও এই সম্পর্ক অটুট থাকবে। এখন দেখার বিষয়, বিগ বসের এই টানাপোড়েনের ইতি কোথায় হয়।