এক নিমেষে চাকরি হারালেন ১ হাজারের বেশি যোগ্য প্রার্থী, কেন এমন হলো?
কাট-অফ মার্কসের বেড়াজালে চাকরি হারালেন ১০০০ শিক্ষাকর্মী
নিজস্ব প্রতিবেদন: শিক্ষক নিয়োগের মতো শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রেও উচ্চ কাট-অফ মার্কসের কারণে বড়সড় ধাক্কা খেলেন বহু অভিজ্ঞ প্রার্থী। পরীক্ষায় নতুনদের সঙ্গে পাল্লা দিতে ব্যর্থ হয়ে অন্তত ১ হাজার জন অভিজ্ঞ শিক্ষাকর্মী চূড়ান্ত তালিকা থেকে ছিটকে গেছেন। ২০১৬ সালে নিয়োগপ্রাপ্ত এই শিক্ষাকর্মীরা দীর্ঘ সময় বেতনহীন অবস্থায় থাকার পর নতুন করে পরীক্ষায় বসার সুযোগ পেলেও, উত্তীর্ণ হতে না পারায় কার্যত তাঁদের চাকরি পাওয়ার শেষ আশাটুকুও শেষ হয়ে গেল।
বিভিন্ন জোনে কাট-অফ মার্কস প্রত্যাশার চেয়ে অনেক বেশি থাকায় অনেক ‘যোগ্য’ ও ফ্রেশার চাকরিপ্রার্থী ভালো নম্বর পেয়েও ইন্টারভিউয়ের তালিকায় স্থান পাননি বলে অভিযোগ উঠেছে। শিক্ষক নিয়োগের ন্যায় শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রেও ইন্টারভিউয়ের আগে অভিজ্ঞতার জন্য নির্দিষ্ট নম্বর যুক্ত করার নিয়ম ছিল। তা সত্ত্বেও পাঁচ শতাধিক ‘যোগ্য’ প্রার্থী মেধা তালিকায় জায়গা করে নিতে পারেননি।
ভুক্তভোগী শিক্ষাকর্মী অমিত মণ্ডল বলেন, “আমরা নতুন সরকারের কাছে বারবার আবেদন জানিয়েছিলাম যোগ্যদের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু ফল প্রকাশের পর দেখা গেল, প্রথম ধাপেই ১০০০ জন অভিজ্ঞ প্রার্থী বাদ পড়ে গেলেন। নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলোতে কতজন অবশিষ্ট থাকবেন তা নিয়ে ঘোর সংশয় রয়েছে।”
দীর্ঘ দুই বছর ধরে বেতনহীন অবস্থায় থাকা এবং স্কুলের কাজের পাশাপাশি নতুন করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবতীর্ণ হওয়া এই শিক্ষাকর্মীদের জন্য অত্যন্ত কঠিন ছিল বলে মন্তব্য করেছেন শিক্ষক চিন্ময় মণ্ডল। তিনি বলেন, “এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই লড়াইয়ে যারা সফল হতে পারলেন না, সরকার নিশ্চয়ই তাঁদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণ করবে।”