রাজ্যের মন্দির সংস্কারে হাজার কোটির ঘোষণা, কী বললেন শুভেন্দু?

 

তীর্থক্ষেত্র সার্কিট প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যজুড়ে উৎসবের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক, আরংঘাটা: শুক্রবার আরংঘাটার শতদল ক্লাবের কালীপুজো উদ্বোধনে এসে আসন্ন জগদ্ধাত্রী পুজো ও রাস পূর্ণিমা নিয়ে রাজ্য সরকারের বিশেষ পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে রাজ্যের প্রাচীন মঠ-মন্দির সংস্কারের লক্ষ্যে ‘তীর্থক্ষেত্র সার্কিট’ নামে নতুন প্রকল্পের ঘোষণা করেছেন তিনি।

এদিন মুখ্যমন্ত্রী জানান, জগদ্ধাত্রী পুজোয় চন্দননগর ও কৃষ্ণনগরকে বিশেষভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি রাস পূর্ণিমায় নবদ্বীপ, শান্তিপুর ও কোচবিহারেও আলোকসজ্জা ও বিশেষ আয়োজন করা হবে। তিনি জানান, আগামী ২২ নভেম্বর তিনি নিজে নবদ্বীপে রাস পূর্ণিমার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং প্রভু চৈতন্যদেবের ধামে ধর্মীয় কার্যক্রমে অংশ নেবেন। এছাড়া গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মেলা হিসেবে গড়ে তোলার প্রস্তুতি শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

রাজ্যের ধর্মীয় পর্যটন ও সংস্কৃতির বিকাশে নতুন প্রকল্প ‘তীর্থক্ষেত্র সার্কিট’ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যের যত পুরনো মঠ ও মন্দির রয়েছে, তা সংস্কারের জন্য আগামী দুই বছরে এক হাজার কোটি টাকা ব্যয় করা হবে। ব্যক্তিগত মালিকানাধীন জায়গা বাদে দেবোত্তর, ট্রাস্ট ও সার্বজনীন যে প্রাচীন মন্দিরগুলো রয়েছে, সেগুলোকে নতুন করে সাজিয়ে তোলা হবে।” তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে কেদারনাথ, বদ্রীনাথ, অযোধ্যা ও কাশীর আদলেই এই কাজ করা হবে।

উদ্বোধনী মঞ্চ থেকে বিগত সরকারের সমালোচনাতেও সরব হন মুখ্যমন্ত্রী। নদিয়ার হাঁসখালির প্রসঙ্গ টেনে তিনি নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। এছাড়াও অতীতে দুর্গাপূজার বিসর্জনে বিভিন্ন বিধিনিষেধ ছিল বলে অভিযোগ করে তিনি দাবি করেন, আগে যেখানে রাজ্যে প্রায় ১৩ হাজার পূজা হতো, বর্তমানে তা বেড়ে ৫৮ হাজারে দাঁড়িয়েছে। এ বছর কোথাও পূজা আয়োজনে কোনো বাধা দেওয়া হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *