কাকার শেষকৃত্যে যোগ দেওয়ায় বরখাস্ত রাহুল! ক্ষোভে ফুঁসছে কংগ্রেস
রামলীলা ময়দানের সভায় অনুপস্থিতি: ১৮৫ কর্মীকে বহিষ্কার করল কংগ্রেস, বিতর্কের মুখে নেতৃত্ব
নিজস্ব প্রতিবেদন: দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত ‘ইন্ডিয়া’ জোটের জনসভায় অনুপস্থিত থাকার দায়ে দেশজুড়ে ব্যাপক শাস্তিমূলক ব্যবস্থা নিল কংগ্রেস। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাতটি রাজ্যের অন্তত ১৮৫ জন নেতা ও কর্মীকে সাময়িকভাবে দল থেকে বরখাস্ত করা হয়েছে। সূত্রের খবর, এই বহিষ্কারের সংখ্যা ভবিষ্যতে ৫০০ ছাড়িয়ে যেতে পারে।
রবিবার ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ কর্মসূচিতে দলীয় নেতাদের অনুপস্থিতিকে সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী হিসেবে দেখছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। তবে এই কঠোর সিদ্ধান্ত নিয়ে দলের অন্দরেই প্রবল অসন্তোষ দানা বেঁধেছে। বিশেষ করে যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক রোহিত রাজোরিয়ার বহিষ্কারের ঘটনাটি কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে।
রোহিতের দাবি, পারিবারিক কারণে তিনি ওই সভায় উপস্থিত থাকতে পারেননি। তিনি জানান, তাঁর কাকার শেষকৃত্যে যোগ দেওয়ার বিষয়টি আগেই নেতৃত্বকে জানানো হয়েছিল। ১৫ বছর ধরে দলের হয়ে কাজ করা এবং একাধিকবার আইনি লড়াই ও কারাবাসের মুখোমুখি হওয়া সত্ত্বেও, কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তাঁকে বহিষ্কার করা হয়েছে। রোহিত বলেন, “দলের জন্য এত ত্যাগ স্বীকারের পরও পারিবারিক শোকের মতো পরিস্থিতিতে মানবিকতাটুকু না দেখে এমন সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক।”
দলের একাংশের মতে, গুরুত্বপূর্ণ কর্মসূচিতে উপস্থিতি নিশ্চিত করা সাংগঠনিক দায়বদ্ধতা হলেও, ব্যক্তিগত পরিস্থিতির গুরুত্ব বিচার না করে এমন পদক্ষেপ গ্রহণ অমানবিক। এই বহিষ্কারের জেরে কংগ্রেসের সাংগঠনিক শৃঙ্খলার পাশাপাশি নেতৃত্বের সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি নিয়েও দলের ভেতর প্রশ্ন উঠতে শুরু করেছে।
উল্লেখ্য, রামলীলা ময়দানের এই সমাবেশ নিয়ে শাসকদল বিজেপির সঙ্গেও কংগ্রেসের বিরোধ চরমে। বিজেপির অভিযোগ, জনসভার ভিড় বাড়াতে এআই প্রযুক্তির সাহায্য নিয়েছে কংগ্রেস। এই রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই দলের অভ্যন্তরীণ এই শাস্তিমূলক পদক্ষেপ কংগ্রেসের অস্বস্তি আরও বাড়িয়ে দিল। বর্তমানে পুরো বিষয়টি নিয়ে কংগ্রেসের অন্দরে ‘শৃঙ্খলা বনাম মানবিকতা’ বিতর্ক তুঙ্গে।