ডিম-মুসুরের এই অসামান্য পদেই জমুক ভাইফোঁটার ভোজ!
খাদ্যতালিকার নতুন চমক: বাড়িতেই তৈরি করুন সুস্বাদু ‘ডিম-মুসুরের আমিষ ধোঁকার ডালনা’
নিজস্ব প্রতিবেদক: হাতের কাছে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় অসাধারণ স্বাদের পদ। দুপুরের বা রাতের খাবারে একটু ভিন্নধর্মী ও আমিষ পদ খুঁজলে অনায়াসেই তৈরি করতে পারেন ‘ডিম-মুসুরের আমিষ ধোঁকার ডালনা’। রেসিপিটি যেমন সহজ, তেমনই সুস্বাদু।
প্রয়োজনীয় উপকরণ:
এই রান্নার জন্য প্রয়োজন এক বাটি ভিজিয়ে রাখা মুসুর ডাল, দুটি ডিম, পেঁয়াজ-আদা-রসুন ও কাঁচালঙ্কা কুচি, একটি আলু, জিরে, তেজপাতা, কাঁচালঙ্কা, টমেটো, টক দই, হলুদ, লঙ্কা, জিরে, ধনে ও গরম মশলার গুঁড়ো, ঘি এবং পরিমাণমতো লবণ ও চিনি।
প্রস্তুত প্রণালী:
প্রথমে ভিজিয়ে রাখা মুসুর ডাল মিহি করে বেটে নিতে হবে। এতে ডিম, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা কুচি ও লবণ মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। এবার একটি স্টিলের পাত্রে তেল মাখিয়ে তাতে মিশ্রণটি ঢেলে দিন। কড়াইতে জল ফুটিয়ে ভাপে পাত্রটি ২০ মিনিট রেখে দিন। ভাপানো হয়ে গেলে মিশ্রণটি ঠান্ডা করে বরফির আকারে কেটে নিন।
এরপর কড়াইতে তেল গরম করে ধোঁকাগুলো লালচে করে ভেজে তুলে রাখুন। ঝোল তৈরির জন্য কড়াইতে জিরে, তেজপাতা ও কাঁচালঙ্কা ফোরন দিয়ে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো ও কাঁচালঙ্কার বাটা দিয়ে কষিয়ে নিন। এরপর একে একে গুঁড়ো মশলা ও টক দই দিয়ে মশলা কষাতে হবে। মশলা থেকে তেল ছাড়লে পরিমাণমতো জল, লবণ, চিনি ও আলু দিয়ে ঝোল ফুটতে দিন। আলু সেদ্ধ হয়ে এলে ভেজে রাখা ধোঁকাগুলো ঝোলে ছেড়ে দিন। নামানোর আগে উপরে ঘি ও গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে জিভে জল আনা ‘ডিম-মুসুরের আমিষ ধোঁকার ডালনা’।
গরম ভাত বা রুটির সঙ্গে এই পদটি পরিবেশনের জন্য অত্যন্ত উপযোগী।