কালীপুজোর আগেই সুখবর, মিলবে বার্ধক্য ভাতা! দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

 

৭ নভেম্বরের আগেই মিলবে বার্ধক্য ভাতাসহ বিভিন্ন প্রকল্পের টাকা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: দীপাবলি ও কালীপুজোর উৎসবের আগেই রাজ্যের লক্ষাধিক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, আগামী ৭ নভেম্বরের আগেই অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা, দিব্যাঙ্গ ভাতা এবং লোকপ্রসার শিল্পী ভাতার নভেম্বরের কিস্তি পাঠিয়ে দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী জানান, এই সিদ্ধান্তের ফলে রাজ্যের ৮৪ লক্ষ বার্ধক্য ও দিব্যাঙ্গ ভাতা প্রাপক, ৩ লক্ষ ২০ হাজার লোকপ্রসার শিল্পী এবং ১ কোটি ৬৫ লক্ষ অন্নপূর্ণা যোজনার উপভোক্তা উপকৃত হবেন। বার্ধক্য ভাতা বাবদ যোগ্য উপভোক্তারা ১৫০০ টাকা করে পাবেন বলে জানানো হয়েছে। উৎসবের মরশুমে সরকারের এই উদ্যোগে প্রবীণ নাগরিকদের পাশাপাশি অন্যান্য সুবিধাভোগীরাও বিশেষ আর্থিক স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে।

ভাতা বৃদ্ধির বিষয়ে মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী বাজেটে বার্ধক্য ভাতার পরিমাণ আরও বাড়ানো হবে। এ ছাড়া, নতুন করে ভাতার আবেদনের জন্য আগামী ডিসেম্বর মাসে রাজ্যজুড়ে তিনদিনের ‘জনকল্যাণ শিবির’ অনুষ্ঠিত হবে। যারা ইতিমধ্যে ‘সেবা সেতু’ ক্যাম্পে আবেদন করেছেন বা ডিসেম্বরের জনকল্যাণ শিবিরে আবেদন করবেন, তারাই পরবর্তী পর্যায়ে নতুন সুবিধাভোগী হিসেবে বিবেচিত হবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *