৬ বছর পর কি শেষ হতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক!
জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’-য় আসছে বড় পরিবর্তন: রূপালি গঙ্গোপাধ্যায়ই থাকছেন কেন্দ্রীয় চরিত্রে
বিনোদন ডেস্ক: হিন্দি টেলিভিশনের দীর্ঘসময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, ধারাবাহিকের গল্পে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছেন নির্মাতারা। এই পরিবর্তনের অংশ হিসেবে গল্পের মোড় ঘোরানোর পাশাপাশি নতুন চরিত্র যুক্ত করা হতে পারে।
২০২০ সালে যাত্রা শুরু করা এই ধারাবাহিকটি মূলত বাংলা সিরিয়াল ‘শ্রীময়ী’-র হিন্দি সংস্করণ হিসেবে আত্মপ্রকাশ করলেও, সময়ের সঙ্গে সঙ্গে নিজস্ব স্বকীয়তা অর্জন করেছে। গত ছয় বছর ধরে সাফল্যের সঙ্গে পথচলা এই ধারাবাহিকের কাহিনিতে এর আগেও বেশ কয়েকবার সময় ও প্রেক্ষাপট পরিবর্তনের কৌশল নেওয়া হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে ধারাবাহিকে পাঁচ বছরের লিপ (সময়কাল এগিয়ে নিয়ে যাওয়া) দেখানো হয় এবং ২০২৪ সালে আরও একবার ছয় মাসের ব্যবধান আনা হয়।
সূত্রের খবর, এবার গল্পের নতুন অধ্যায়কে ফুটিয়ে তুলতে বেশ কিছু পুরোনো চরিত্রকে বাদ দিয়ে নতুনদের অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে দর্শক ও ভক্তদের জন্য স্বস্তির খবর হলো, ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র ‘অনুপমা’-র ভূমিকায় অপরিবর্তিত থাকছেন রূপালি গঙ্গোপাধ্যায়ই।
বর্তমানে ধারাবাহিকটিতে অনুপমার জীবনের পরবর্তী পর্যায় তুলে ধরার প্রস্তুতি চলছে। তবে এই রদবদল ঠিক কবে থেকে কার্যকর হবে বা কোন কোন চরিত্র বিদায় নেবে, সে বিষয়ে এখনো নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আপাতত নতুন এই পরিবর্তনের অপেক্ষায় রয়েছেন ধারাবাহিকের নিয়মিত দর্শকরা।