ভাইফোঁটার পাতে চমক, ডিম-মুসুরের ডালনায় মাতুন সবাই!
ডিম ও মুসুর ডালের আমিষ ধোঁকার ডালনা: সহজ রেসিপি
নিজস্ব প্রতিবেদন: বাড়িতে খুব সাধারণ কিছু উপকরণ যেমন ডিম ও মুসুর ডাল থাকলেই তৈরি করে ফেলা সম্ভব সুস্বাদু ও পুষ্টিকর এক পদ— ‘আমিষ ধোঁকার ডালনা’। কম সময়ে তৈরি এই পদটি দুপুরের বা রাতের ভাতের পাতে অত্যন্ত উপাদেয়। নিচে এর সহজ প্রস্তুত প্রণালী দেওয়া হলো:
প্রয়োজনীয় উপকরণ:
এই রান্নার জন্য প্রয়োজন এক বাটি ভেজানো মুসুর ডাল, দুটি ডিম, পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচালঙ্কা কুচি (২ টেবিল চামচ), একটি আলু, জিরে (১ চা চামচ), একটি তেজপাতা, চারটি কাঁচালঙ্কা, একটি পেঁয়াজ, একটি টমেটো, পাঁচ-ছয় কোয়া রসুন, এক টেবিল চামচ আদা কুচি, তিন টেবিল চামচ টক দই এবং হলুদ, লঙ্কা, জিরে, ধনে ও গরম মশলার গুঁড়ো (প্রতিটি ১ চা চামচ)। এছাড়া স্বাদমতো লবণ, চিনি ও এক টেবিল চামচ ঘি প্রয়োজন।
প্রস্তুত প্রণালী:
প্রথমেই ভেজানো ডাল মিহি করে বেটে নিতে হবে। এবার ওই বাটা ডালে ডিম, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা কুচি ও নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন। একটি স্টিলের পাত্রে সামান্য তেল মাখিয়ে তাতে মিশ্রণটি ঢালুন। এরপর কড়াইতে জল গরম করে পাত্রটি ২০ মিনিটের জন্য ভাপে (স্টিম) বসিয়ে দিন। ১৫-২০ মিনিট পর মিশ্রণটি জমে গেলে নামিয়ে ঠান্ডা করে বরফির আকারে কেটে নিন। এগুলোই হলো ‘আমিষ ধোঁকা’।
এবার কড়াইতে তেল গরম করে ধোঁকাগুলো লালচে করে ভেজে তুলে রাখুন। এরপর ওই তেলেই জিরে, তেজপাতা ও কাঁচালঙ্কা ফোড়ন দিন। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো ও কাঁচালঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়লে গুঁড়ো মশলা ও টক দই দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এরপর স্বাদমতো নুন, চিনি ও পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ঝোলটি ফুটিয়ে নিন। ঝোল ফুটে উঠলে এতে আলু দিয়ে দিন। আলু সেদ্ধ হয়ে এলে ভেজে রাখা ধোঁকাগুলো ঝোলে ছেড়ে দিন। নামানোর আগে ওপর থেকে ঘি ও গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু আমিষ ধোঁকার ডালনা।