এবার শাশুড়ি হচ্ছেন মাধুরী দীক্ষিত! হবু পুত্রবধূকে নিয়ে তুঙ্গে চর্চা
মাধুরীপুত্রের সঙ্গে খুশির ঘনিষ্ঠতা নিয়ে জোর চর্চা বলিপাড়ায়
নিজস্ব প্রতিবেদন: মণীশ মালহোত্রার দীপাবলি পার্টিতে বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের বড় ছেলে আরিন নেনের উপস্থিতি ঘিরে নতুন গুঞ্জন দানা বেঁধেছে। বৃহস্পতিবার মুম্বইয়ে আয়োজিত ওই তারকাবহুল অনুষ্ঠানে আরিনকে ‘খুশি’ নামে এক তরুণীর সঙ্গে দেখা যাওয়ায় তাঁদের সম্পর্কের রসায়ন নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় আরিন অত্যন্ত সাবলীল ভঙ্গিতে খুশিকে নিজের কাছে টেনে নিয়েছেন। দুজনেই হাসিমুখে ক্যামেরাবন্দি হয়েছেন। শুধু নিজেদের সঙ্গেই নয়, এই জুটিকে মাধুরী দীক্ষিত ও শ্রীরাম নেনের সঙ্গেও পোজ দিতে দেখা গেছে। তারকা দম্পতির পাশে তাঁদের এই সাবলীল উপস্থিতি দেখে অনুরাগীদের একাংশ মনে করছেন, পরিবারের সঙ্গে খুশির সখ্য বেশ গভীর।
সাধারণত লাইমলাইট থেকে দূরে থাকতেই পছন্দ করেন আরিন। পড়াশোনা ও ক্যারিয়ার নিয়েই তিনি মূলত ব্যস্ত থাকেন। তবে দীপাবলির পার্টিতে খুশির সঙ্গে তাঁর এই প্রকাশ্য উপস্থিতি ও পারিবারিক আবহে দুজনের মাখামাখি মুহূর্ত নেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। যদিও এই সম্পর্কের আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে তাঁদের এই ঘনিষ্ঠতা নতুন কোনো সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়ে সরগরম বলিপাড়া।