অবসরের ঘোষণা মহম্মদ সামির, ১৩ বছরের বর্ণিল ক্যারিয়ারের ইতি!

 

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মোহাম্মদ সামি

নিজস্ব প্রতিবেদক, কলকাতা: দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের এক নতুন মোড়। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতীয় দলের অভিজ্ঞ পেসার মোহাম্মদ সামি। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালই ছিল টেস্ট ফরম্যাটে তার শেষ ম্যাচ।

নিজের টেস্ট ক্যারিয়ারের কথা স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন সামি। ইডেন গার্ডেন্সের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টের স্মৃতি রোমন্থন করে তিনি বলেন, “যখন আমি প্রথম ভারতের টেস্ট জার্সি পরেছিলাম, তখন আমার একটাই স্বপ্ন ছিল—দেশের জন্য কিছু অর্জন করা। প্রতিটি উইকেট, প্রতিটি লড়াই, প্রতিটি চোট এবং প্রতিটি প্রত্যাবর্তন আমাকে সমৃদ্ধ করেছে। টেস্ট ক্রিকেট আমার কাছে কেবল একটি ফরম্যাট নয়, আমার জীবনের এক বিশেষ অংশ।”

২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর দীর্ঘ সময় জাতীয় দলের টেস্ট স্কোয়াডের বাইরে ছিলেন এই ডানহাতি পেসার। টেস্ট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বিদায়ী বার্তায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (ক্যাব)-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সামি।

তিনি আরও বলেন, “বিসিসিআই এবং ক্যাব আমার প্রতিভার ওপর আস্থা রেখেছিল, যা আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। টেস্ট ক্রিকেটে আমি আমার শেষ বলটি করে ফেলেছি ঠিকই, কিন্তু ভারতের হয়ে খেলার গর্ব চিরকাল আমার হৃদয়ে থাকবে।”

সবশেষে নিজের সতীর্থ, কোচ, পরিবার এবং কোটি কোটি সমর্থককে ধন্যবাদ জানিয়ে সামি বলেন, “ভারাক্রান্ত হৃদয়ে অসংখ্য সুন্দর স্মৃতি সঙ্গে নিয়ে আমি এই সিদ্ধান্ত নিচ্ছি। কঠিন ও ভালো উভয় সময়েই আপনারা আমার ওপর যে আস্থা রেখেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *