১৩ বছরের রাজকীয় অধ্যায়ের সমাপ্তি, টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মহম্মদ সামি!

 

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মোহাম্মদ সামি

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ক্রিকেট যাত্রায় ইতি টেনে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ সামি। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালই ছিল তার শেষ টেস্ট ম্যাচ। দীর্ঘ তিন বছর পর ফরম্যাটটি থেকে পাকাপাকিভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি।

নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের স্মৃতিচারণ করতে গিয়ে সামি জানান, কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টের স্মৃতি আজও অম্লান। সেই ম্যাচে বিষাক্ত রিভার্স সুইংয়ের মাধ্যমে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বের নজর কেড়েছিলেন তিনি। এরপর ভারতের একাধিক স্মরণীয় জয় ও কঠিন সময়ে দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে থেকেছেন এই পেসার।

অবসরের আনুষ্ঠানিক বার্তায় সামি বলেন, “যখন আমি প্রথম ভারতের টেস্ট জার্সি পরেছিলাম, তখন আমার একটাই স্বপ্ন ছিল—দেশের জন্য কিছু অর্জন করা। প্রতিটি উইকেট, প্রতিটি লড়াই, প্রতিটি চোট এবং প্রতিটি প্রত্যাবর্তন আমাকে সমৃদ্ধ করেছে। টেস্ট ক্রিকেট আমার জীবনের একটি বিশেষ অংশ হয়ে উঠেছিল।”

দীর্ঘ বিরতির পর অবসরের ঘোষণা দিলেও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। সামি জানান, তার প্রতিভার ওপর আস্থা রাখার জন্য এবং উন্নতির সুযোগ করে দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে ঋণী।

সামি স্পষ্ট করেছেন যে, আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটে তার যাত্রা অব্যাহত থাকবে। বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলা চালিয়ে যাবেন তিনি। বিদায়ী বার্তায় সতীর্থ, কোচ, পরিবার এবং কোটি কোটি ভারতীয় সমর্থককে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “ভারাক্রান্ত হৃদয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। তবে ভারতের হয়ে খেলার গর্ব চিরকাল আমার হৃদয়ে বহন করব।”

নিজের দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য উত্থান-পতনের সাক্ষী হওয়া এই তারকা পেসারের অবসরে ভারতীয় ক্রিকেটের এক অধ্যায়ের সমাপ্তি ঘটল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *