টলিউডে শোকের ছায়া, প্রয়াত হলেন প্রখ্যাত পরিচালক অমল ঘটক রায়!
প্রয়াত বিশিষ্ট পরিচালক অমল রায় ঘটক
নিজস্ব প্রতিবেদক, কলকাতা: বাংলা চলচ্চিত্র জগতের এক বর্ণময় অধ্যায়ের সমাপ্তি ঘটল। চিরবিদায় নিলেন বিশিষ্ট পরিচালক ও চিত্রনাট্যকার অমল রায় ঘটক। তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করেছেন তাঁর ভাই, বিশিষ্ট বাচিকশিল্পী অলোক রায় ঘটক।
নব্বইয়ের দশকে বাংলা বাণিজ্যিক ও ভিন্নধারার ছবির জগতে এক স্বতন্ত্র ঘরানা তৈরি করেছিলেন অমল রায় ঘটক। সেই সময়ে টলিউডে অ্যাকশন ও গতানুগতিক ধারার ছবির দাপটের মধ্যেও তিনি মননশীল গল্প ও পারিবারিক আবেগকে প্রাধান্য দিয়ে ছবি নির্মাণ করেছেন। তাঁর পরিচালনায় বড় পর্দার প্রতিষ্ঠিত তারকাদের পাশাপাশি ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের ব্যবহারের কৌশল সে সময় দর্শক ও সমালোচকদের কাছে সমাদৃত হয়েছিল।
পরিচালক হিসেবে তাঁর ফিল্মোগ্রাফি অত্যন্ত সমৃদ্ধ। সুপ্রিয়া দেবী, রূপা গঙ্গোপাধ্যায় ও দোলন রায় অভিনীত প্রশংসিত ছবি ‘উজান’ তাঁর অন্যতম সেরা কাজ। এ ছাড়াও ‘কাচের পৃথিবী’, ‘দেবর’ এবং ‘শ্রীমান ভূতনাথ’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়ে তিনি দর্শকের কাছাকাছি পৌঁছেছিলেন।
শুধু পরিচালনা নয়, চিত্রনাট্যকার হিসেবেও তিনি বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন। সৌমিত্র চট্টোপাধ্যায় ও রূপা গঙ্গোপাধ্যায় অভিনীত ‘মানসী’ এবং মুনমুন সেন, ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও তাপস পাল অভিনীত ‘ব্যবধান’-এর চিত্রনাট্য তাঁরই কলমের সৃষ্টি। ‘ব্যবধান’ ছবির আশা ভোঁসলের কণ্ঠে গাওয়া গান আজও সঙ্গীতপ্রেমীদের কাছে স্মরণীয়। দীর্ঘ কর্মজীবনে তিনি তপন সিংহ, অরুন্ধতী দেবী ও হেমন্ত মুখোপাধ্যায়ের মতো কিংবদন্তি শিল্পীদের সান্নিধ্যে কাজ করার সুযোগ পেয়েছিলেন। অঞ্জন চৌধুরীর সঙ্গেও তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ সুসম্পর্ক ছিল।
নয়ের দশকের বাংলা বাণিজ্যিক ও মননশীল ছবির মেলবন্ধনের অন্যতম কারিগর হিসেবে পরিচিত অমল রায় ঘটকের মৃত্যুতে শোকের ছায়া টলিউডে। তাঁর সৃষ্টি করা চলচ্চিত্রগুলো বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক চিরকালীন দলিল হয়ে থাকবে।