অভিষেকের বিরুদ্ধে FIR, সম্প্রীতি নষ্টের অভিযোগে সরগরম রাজ্য!

 

ডায়মন্ড হারবারে টাকা উদ্ধার ঘিরে বিতর্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টের বিরুদ্ধে লালবাজারে অভিযোগ হিন্দু মহাসভার

নিজস্ব প্রতিবেদক, কলকাতা: ডায়মন্ড হারবার-২ ব্লকের সরিষায় দলীয় কার্যালয় থেকে ১ কোটি টাকারও বেশি নগদ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগের প্রেক্ষিতে এবার লালবাজার সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করল অখিল ভারত হিন্দু মহাসভা।

সম্প্রতি সরিষায় উদ্ধার হওয়া ওই বিপুল পরিমাণ টাকা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুক পেজে একটি কালো গাড়ির ছবি ও ভিডিও পোস্ট করেন। ওই পোস্টে তিনি দাবি করেন, পুলিশ নিজেই গোপনে গাড়ি করে ওই টাকা নিয়ে এসে দলীয় কার্যালয়ে রেখেছে এবং পুরো বিষয়টি একটি রাজনৈতিক ষড়যন্ত্র।

সাংসদের এই দাবিকে ‘ভিত্তিহীন ও মনগড়া’ আখ্যা দিয়েছে হিন্দু মহাসভা। সংগঠনের রাজ্য সভাপতি ডঃ চন্দ্রচূড় গোস্বামীর অভিযোগ, পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে সাধারণ মানুষকে উসকে দিতেই পরিকল্পিতভাবে এই বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় লাগাতার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী বৈধতা নিয়ে যে মন্তব্য করছেন, তা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী। হিন্দু মহাসভার দাবি, এ ধরনের মন্তব্য রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক সম্প্রীতি বিঘ্নিত করতে পারে।

এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে লালবাজার সাইবার ক্রাইম থানায় সংশ্লিষ্ট ফেসবুক পোস্টের লিঙ্ক সম্বলিত অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। আইন অনুযায়ী দোষী প্রমাণিত হলে সাংসদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা। এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *