বাজার থেকে এই কলা খাচ্ছেন না তো, হানা দিতেই বেরিয়ে এল ভয়াবহ সত্য!

 

রাসায়নিক ব্যবহার করে কলা পাকানোর অভিযোগ, মহিষাদলের গোডাউনে প্রশাসনের হানা

মহিষাদল: পূর্ব মেদিনীপুরের মহিষাদলে রাসায়নিক ব্যবহার করে কৃত্রিম উপায়ে কলা পাকানোর অভিযোগে চাঞ্চল্য ছড়াল। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার মহিষাদলের একটি ফলের গোডাউনে যৌথ অভিযান চালায় পুলিশ ও খাদ্য সুরক্ষা দফতর।

স্থানীয় সূত্রে অভিযোগ, মহিষাদলের ওই গোডাউনে অস্বাস্থ্যকর পরিবেশে রাসায়নিক ব্যবহার করে কলা পাকানো হচ্ছিল। এরপর সেই ফল বাজারে বিক্রির উদ্দেশ্যে পাঠানো হতো। বিষয়টি নজরে আসতেই সাধারণ মানুষের স্বাস্থ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। জনমানসে ক্ষোভের সঞ্চার হলে দ্রুত আসরে নামে প্রশাসন।

অভিযানের সময় খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা গোডাউনে মজুত কলার গুণমান এবং সেগুলি পাকানোর প্রক্রিয়া খতিয়ে দেখেন। পাশাপাশি, পরীক্ষার জন্য ফলের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং গোডাউনের নথিপত্র যাচাই করা হচ্ছে।

প্রসঙ্গত, ফল পাকানোর কাজে ক্যালসিয়াম কার্বাইডের মতো নিষিদ্ধ রাসায়নিকের ব্যবহার আইনত দণ্ডনীয়। এই ধরনের রাসায়নিক মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। মহিষাদলের ওই গোডাউনে ঠিক কী ধরনের পদার্থ ব্যবহার করা হচ্ছিল, তা পরীক্ষার রিপোর্ট আসার পরেই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *