ভাইফোঁটায় চমক! কাজু নয়, এই সবজি দিয়েই বানান স্বাস্থ্যকর বরফি!

 

উৎসবের মরশুমে বাড়িতেই তৈরি করুন সুস্বাদু ‘লাউয়ের বরফি’

নিজস্ব প্রতিবেদন: উৎসবের মরশুমে দোকান থেকে কেনা মিষ্টির বদলে অনেকেই বাড়িতে তৈরি মিষ্টি পছন্দ করেন। পুষ্টিকর সবজি দিয়েও যে মুখরোচক মিষ্টি বানানো সম্ভব, তার অন্যতম উদাহরণ ‘লাউয়ের বরফি’। খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই তৈরি করা যায় এই মিষ্টি। নিচে বিস্তারিত রেসিপি দেওয়া হলো:

প্রয়োজনীয় উপকরণ:
কুরিয়ে রাখা লাউ (দেড় কাপ), মাখন (৩ টেবিল চামচ), তেজপাতা (৩টি), এলাচ (৪টি), দারচিনি (৩টি), চিনি (১ কাপ), গুঁড়ো দুধ (আধ কাপ) এবং স্বাদমতো নুন।

প্রস্তুত প্রণালী:
প্রথমে কুরিয়ে রাখা লাউ থেকে হাত দিয়ে চেপে অতিরিক্ত জল বের করে নিতে হবে। এরপর একটি প্যানে মাখন গরম করে তাতে তেজপাতা, এলাচ ও দারচিনি ফোরন দিন। সুগন্ধ বেরোলে কুরিয়ে রাখা লাউ প্যানে দিয়ে মাঝারি আঁচে ভালো করে নাড়াচাড়া করতে হবে।

লাউ কিছুটা নরম হয়ে এলে তাতে পরিমাণমতো নুন ও চিনি মিশিয়ে দিন। তাপের প্রভাবে মিশ্রণ থেকে জল বেরোতে শুরু করলে তাতে গুঁড়ো দুধ যোগ করুন। মিশ্রণটির জল শুকিয়ে এলে তা ঘন হয়ে উঠবে। এই পর্যায়ে প্যান থেকে নামিয়ে একটি থালায় মিশ্রণটি সমানভাবে ছড়িয়ে দিন। আগে দেওয়া গোটা গরম মশলাগুলো মিশ্রণ থেকে তুলে ফেলুন। মিশ্রণটি ঠান্ডা হয়ে জমে গেলে বরফির আকারে কেটে নিন।

সবশেষে, ঘরের স্বাভাবিক তাপমাত্রায় বা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন স্বাস্থ্যকর ও সুস্বাদু ‘লাউয়ের বরফি’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *