‘জোর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা পুলিশের’, স্বামীর হয়ে হাই কোর্টে সুমিতের স্ত্রী!

 

ডায়মন্ড হারবারের টাকা উদ্ধারকাণ্ডে সিবিআই তদন্তের আর্জি, পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, কলকাতা: ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূলের পার্টি অফিস থেকে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সুমিত রায়ের স্ত্রী সুস্মিতা রায়। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে সিবিআই অথবা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন বিশেষ তদন্তকারী দল (সিআইটি) গঠনের আবেদন জানিয়েছেন তিনি।

গত বৃহস্পতিবার সরিষার ওই পার্টি অফিস থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের পর ডায়মন্ড হারবার পুলিশ জানিয়েছিল, সুমিত রায়কে জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই এই টাকার উৎস সম্পর্কে তথ্য পাওয়া গেছে। কিন্তু পুলিশের এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন সুস্মিতা। তাঁর অভিযোগ, উদ্ধার হওয়া টাকার সঙ্গে তাঁর স্বামীর কোনো সম্পর্ক নেই। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে এই ঘটনা সাজানো হয়েছে।

সুমিতের স্ত্রী আরও অভিযোগ করেছেন, পুলিশি হেফাজতে তাঁর স্বামীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে। জোর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হচ্ছে বলেও তিনি দাবি করেছেন। এর আগেও এই ঘটনায় সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশ পরিকল্পনা করে এই ঘটনা সাজিয়েছে এবং তাঁর আপ্তসহায়ককে এনকাউন্টারে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছিলেন তিনি।

উচ্চ আদালতের অনুমতি সাপেক্ষে দায়ের করা এই মামলার শুনানি মঙ্গলবার বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের এজলাসে হওয়ার কথা রয়েছে। সুমিতের স্ত্রীর এহেন অভিযোগে টাকা উদ্ধারকাণ্ডে নতুন মোড় তৈরি হয়েছে। এখন আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশনার দিকেই নজর রয়েছে সব মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *