দীপাবলির রাতে রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত পাঞ্জাব, প্রাণ গেল এক ব্যক্তির!
অমৃতসরে সোনা লেনদেনের জেরে খুন, জখম এএসআই
অমৃতসরের সুলতানউইন্ড রোডে সোনা লেনদেনের বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে প্রতাপ সিং নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। দীর্ঘদিনের এই বিবাদ মেটাতে রবিবার রাতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বি-ডিভিশন থানার এএসআই হর্নেক সিং ও কনস্টেবল সাহেব সিং। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করলে প্রতাপ সিং ঘটনাস্থলেই মারা যান এবং এএসআই হর্নেক সিং উরুতে গুলিবিদ্ধ হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা থেকে পলাতক। খবর পেয়ে পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পুরো এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। পুলিশ অভিযুক্তদের সন্ধানে চিরুনি তল্লাশি শুরু করেছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে অমৃতসর পুলিশ প্রশাসন। উৎসবের রাতে এহেন ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও ভয়ের পরিবেশ তৈরি হয়েছে।