বাঁকুড়ায় বামেদের বুকস্টল ভাঙচুর, ফের উত্তপ্ত রাজনীতি!
বাঁকুড়ায় এসএফআই-এর বইয়ের স্টলে ভাঙচুর, আক্রান্ত প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম
বাঁকুড়া: বাঁকুড়া শহরের স্কুলডাঙা এলাকায় এসএফআই (SFI) পরিচালিত বইয়ের স্টলে হামলার অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় বাধা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএমের বাঁকুড়া জেলা সম্পাদক দেবলীনা হেমব্রম। অভিযোগ, হামলার সময় তাঁর মোবাইল ফোনটি আছাড় মেরে ভেঙে ফেলা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালীপুজো উপলক্ষে গত দু’দিন ধরে ওই এলাকায় এসএফআই-এর পক্ষ থেকে একটি বুকস্টল চালানো হচ্ছিল। অভিযোগ, আজ দুপুরে চারজন যুবক বাইকে চড়ে এসে হঠাৎ স্টলে ভাঙচুর শুরু করে। এই ঘটনার খবর পেয়েই দেবলীনা হেমব্রম নিচে নেমে আসেন এবং প্রতিবাদ জানান। তিনি বলেন, “আমাদের ছাত্ররা এখানে বইয়ের দোকান দিয়েছিল। হঠাৎ গন্ডগোলের শব্দ শুনে নিচে আসি। হামলাকারীরা দাবি করে, এখানে বইয়ের দোকান করতে দেওয়া হবে না। আমার মোবাইলটিও তারা ভেঙে দিয়েছে।”
ঘটনার খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এসএফআই কর্মীদের দাবি, বিজেপি ও আরএসএস-এর আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলার সঙ্গে যুক্ত।
পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার এই ঘটনার দায় অস্বীকার করেছেন। তিনি বলেন, “বই কিংবা বইয়ের সঙ্গে জড়িত কোনো বিষয়ের অপমান বিজেপি সমর্থন করে না। যারা এই ধরনের কাজ করেছে, তারা বিজেপির আদর্শের সঙ্গে যুক্ত নয়। তবে বামেদের মনে রাখা উচিত, তাদের শাসনামলে হিন্দু চিন্তাধারার বইয়ের স্টল ভাঙার ইতিহাসও রয়েছে।”
বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় উত্তেজনার পরিস্থিতি থাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।