বর্ধমানে হারানো ফোন উদ্ধার, পুলিশের হাতে তুলে দিলেন বাংলাদেশি নাগরিক

বর্ধমান: প্রযুক্তিগত নজরদারি এবং বাংলাদেশের এক নাগরিকের সহযোগিতায় উদ্ধার হল হারিয়ে যাওয়া একটি দামি মোবাইল ফোন। গত ৩০ জুন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর থেকে ফোনটি খোয়া যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার বাসিন্দা পায়েল ধারা ফোনটি হারিয়ে যাওয়ার পর বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে বর্ধমান থানার পুলিশ সাইবার সেলের সাহায্য নেয়। প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে তদন্তকারীরা জানতে পারেন, ফোনটি আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পৌঁছে গিয়েছে।

তদন্তে আরও উঠে আসে, বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা মহম্মদ আহাদ আলি নওদার একটি দোকান থেকে ফোনটি কিনেছিলেন। পরে চিকিৎসার প্রয়োজনে ভারতে এসে তিনি ওই ফোনে ভারতীয় সিম কার্ড ব্যবহার করছিলেন। সেই সূত্র ধরে পুলিশ মোবাইলটির অবস্থান নিশ্চিত করে।

এরপর বর্ধমান থানার পুলিশ আহাদ আলির সঙ্গে যোগাযোগ করে। ফোনটি হারানো বা চুরি যাওয়া সম্পত্তি বলে জানতে পেরে তিনি তদন্তে সহযোগিতা করেন। পুলিশের আহ্বানে সাড়া দিয়ে তিনি বর্ধমান থানায় হাজির হয়ে ফোনটি পুলিশের হাতে তুলে দেন।

আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শীঘ্রই ফোনটি প্রকৃত মালিক পায়েল ধারার হাতে ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বর্ধমান থানা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *