দিঘার পর্যটন পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ নতুন প্রকল্প রাজ্য সরকারের

পর্যটন মানচিত্রে দিঘাকে আরও আকর্ষণীয় করে তুলতে এবং উপকূলীয় এলাকার সামগ্রিক উন্নয়নে একগুচ্ছ নতুন প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার। শৌলা থেকে পেটুয়া পর্যন্ত মেরিন ড্রাইভের সম্প্রসারণের পাশাপাশি পর্যটন পরিকাঠামোয় আমূল পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু করতে অমরাবতী পার্ককে নতুন রূপে সাজানো হচ্ছে এবং দীর্ঘ দিন বন্ধ থাকা স্নেক পার্কটিও ফের চালু করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

পর্যটকদের যাতায়াত ও ভ্রমণের সুবিধার্থে হেলিকপ্টার পরিষেবা চালু করার পাশাপাশি সিএনজি স্টেশন ও ই-বাসের জন্য চার্জিং পয়েন্ট তৈরি করা হবে। পরিবহন ও পর্যটন দফতরের যৌথ উদ্যোগে বিশেষ বাসের ব্যবস্থা করা হচ্ছে, যা ট্রেনযাত্রী পর্যটকদের মন্দারমণি, চন্দনেশ্বর শিবমন্দির ও দিঘার বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে সংযোগ স্থাপন করবে। এছাড়া, নতুন ট্যুরিস্ট স্পটগুলিতে চার কক্ষের হোম-স্টে তৈরির ক্ষেত্রে উদ্যোক্তাদের ৫ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে।

উপকূলবর্তী এলাকার পরিবেশ ও সুরক্ষায় বিশেষ গুরুত্ব দিয়ে চাঁদপুর ও শঙ্করপুরের নদী ভাঙন রোধে ২০০ কোটি টাকা ব্যয়ে দুটি প্রকল্প অনুমোদিত হয়েছে। ম্যানগ্রোভের বিস্তার ও ঝাউ জঙ্গল পুনরুদ্ধারেও বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএসডি অফিসে হাই-ফ্রিকোয়েন্সি কন্ট্রোল রুম তৈরি করা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রাজ্য পুলিশের ৫০ জন সদস্যের ‘ডিএমজি সেল’ এবং ২৫ জনের ‘অর্জুন বাহিনী’ মোতায়েন করা হবে। এছাড়া, ‘সমুদ্রমালা-২’ প্রকল্পের অধীনে মৎস্য বন্দর ও খটিগুলোর আধুনিকীকরণের কাজ শুরু হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *