টালায় জলমগ্ন রাস্তা, চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা

নিজস্ব প্রতিবেদক: আজ ভোররাত থেকে টালা স্টেশন ও পোস্ট অফিস সংলগ্ন এলাকায় তীব্র জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে বাসিন্দারা দেখেন, শুকনো রাস্তা সম্পূর্ণ জলের নিচে তলিয়ে গিয়েছে। সকাল থেকেই স্থানীয় বাসিন্দারা কোমর সমান জল পেরিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে ঘোষবাগান ও টালা এলাকাটি জলমগ্ন হয়ে পড়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

এক স্থানীয় বাসিন্দা জানান, সকাল আটটা নাগাদ বিষয়টি নজরে আসার পর থেকেই যাতায়াতের চরম অসুবিধা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ দিন ধরে এলাকার নিকাশি ব্যবস্থার বেহাল দশা নিয়ে বোরো চেয়ারম্যানকে বারবার জানানো হলেও কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি। যার ফলেই আজ ভোররাত থেকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে স্থানীয়দের দাবি।

এদিকে, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছেছেন পুরসভার কর্মীরা। পরিস্থিতির সমাধানে ইতিমধ্যে মেরামতির কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। তবে দ্রুত জল নিকাশি ব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বজায় রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *