পরেশরাম দাসকে পুলিশের খবর পাচারের অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

বিধায়ক পরেশরাম দাসকে পুলিশের নজরদারি এড়িয়ে আত্মগোপনে থাকতে সাহায্য করার অভিযোগে বিকাশ সাহানি নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারী সূত্রের দাবি, বিকাশ ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) বিভাগে কর্মরত ছিলেন।

তদন্তকারী সূত্রে অভিযোগ, কাজের সুবাদে পুলিশের অভিযানের গোপন তথ্য পেতেন বিকাশ এবং তা পরেশরাম দাসের কাছে পৌঁছে দিতেন। পুলিশের কোন দল কখন কোথায় অভিযান চালাচ্ছে, সেই খবর আগাম পেয়ে বিধায়ক বারবার অবস্থান বদল করছিলেন বলে তদন্তকারীদের দাবি। এর আগে ক্যানিংয়ে বিধায়কের বাড়িতে অভিযান চালিয়েও তাঁকে পায়নি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার কলকাতা বিমানবন্দর এলাকা থেকে পরেশরাম দাসকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে একাধিক আইফোন ও অন্য নামী ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোন-সহ মোট ১১টি দামি মোবাইল ফোন উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। তাঁর ব্যাগ থেকে নগদ ২ লক্ষ টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিকাশ সাহানিকে জেরা করে তথ্য পাচারের অভিযোগে আরও কেউ যুক্ত কি না এবং এর পিছনে কোনও প্রভাবশালী ব্যক্তির ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *