আপনার প্রিয় ব্র্যান্ডের খাবার কি সত্যিই নিরাপদ? নামী সংস্থাগুলির চাঞ্চল্যকর পর্দাফাঁস!
মুম্বইয়ে এফডিএ-র অভিযানে ৪০ টন ভেজাল খাদ্য বাজেয়াপ্ত
উৎসবের মরসুমে জনস্বাস্থ্য রক্ষায় মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) রাজ্যজুড়ে ব্যাপক অভিযান চালিয়েছে। গত ৪ ও ৫ নভেম্বর পরিচালিত অভিযানে প্রায় ১.৩৫ কোটি টাকা মূল্যের ৩৯.৫ টন ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযানে মুম্বইসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে নামী ফুড চেইন ও কুইক-কমার্স প্ল্যাটফর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশ ও লাইসেন্স সংক্রান্ত গুরুতর অনিয়মের দায়ে ব্লিঙ্কিট, জেপ্টোসহ বেশ কিছু জনপ্রিয় আউটলেটের লাইসেন্স সাসপেন্ড ও সাতটি প্রতিষ্ঠান সিল করা হয়েছে।
পরিদর্শনের সময় রান্নাঘরে ইঁদুর ও পোকামাকড়ের উপদ্রব এবং প্রয়োজনীয় নথিপত্রের অভাব পরিলক্ষিত হয়। বাজেয়াপ্ত পণ্যের মধ্যে রয়েছে মিষ্টি তৈরির উপকরণ, ভোজ্য তেল ও শুকনো ফল। এছাড়াও প্রায় ৮ লক্ষ টাকার নিষিদ্ধ গুটখা উদ্ধার হয়েছে। এ ঘটনায় তিনটি এফআইআর দায়ের করে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এফডিএ কমিশনার তুকারাম মুন্ধে জানিয়েছেন, জনস্বাস্থ্যের সাথে আপস করা কোনো প্রতিষ্ঠানকেই ছাড় দেওয়া হবে না এবং ভবিষ্যতে প্রশাসনিক কঠোরতা আরও বৃদ্ধি করা হবে।