গবাদি পশুকে সাজিয়ে গো-বন্দনা, জঙ্গলমহলে বাঁদনা উৎসবের নানা আচার
আমন ধান ঘরে তোলার প্রাক্কালে জঙ্গলমহলের গ্রামগুলিতে এখন সাজ সাজ রব। প্রকৃতি ও কৃষকের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা গবাদি পশুর প্রতি কৃতজ্ঞতা জানাতে কালীপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত পালিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘বাঁদনা’ উৎসব। এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ গবাদি পশুর প্রতি সম্মান প্রদর্শন ও ধুমধাম করে ‘গরুর বিয়ে’ দেওয়া।
উৎসবের দিন ভোরেই গৃহপালিত বলদ ও গাভীদের স্থানীয় নদী বা পুকুরে নিয়ে গিয়ে স্নান করানো হয়। এরপর শিঙে সর্ষের তেল মাখিয়ে, কপালে সিঁদুর-আলতার ছাপ দিয়ে এবং গলায় মালা ও পায়ে ঘুঙুর পরিয়ে তাদের সাজিয়ে তোলা হয়। নতুন বরের আদলে সজ্জিত পশুদের নিয়ে শুরু হয় এই আচার।
বাড়ির উঠোন থেকে গোয়ালঘর পর্যন্ত চালের গুঁড়ো বা পিটুলি দিয়ে আঁকা হয় আলপনা। এরপর অনুষ্ঠিত হয় ‘গরয়া পুজো’, যেখানে গবাদি পশুর সুস্বাস্থ্য ও সংসারের সমৃদ্ধি কামনা করা হয়। স্থানীয় রীতি অনুযায়ী, পিঁড়িতে বসা বরের মতোই গরুদের উঠোনে দাঁড় করিয়ে কাঁসার থালায় প্রদীপ, ধান ও দূর্বা দিয়ে বরণ বা ‘চুমানো’ হয়। এই সময়ে তাদের নতুন ধান, টাটকা ঘাস ও মিষ্টি খাওয়ানো হয়।
গোটা অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠে জঙ্গলমহলের লোকগান ‘অহীরা’-র সুরে। মাদলের তালে ও গানের ছন্দে বিয়ের আসরের আবহ তৈরি হয়, যেখানে বরযাত্রী ও কনেপক্ষের আগমনের নানা উপাখ্যান ফুটে ওঠে।
বাঁদনা উৎসবের এই পরম্পরা মানুষের সঙ্গে পশুর নিবিড় সম্পর্কের পরিচয় বহন করে। প্রতিপদের গো-বন্দনা শেষে ভাইফোঁটার দিন ‘গরু খুঁটা’ উৎসবের মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটে। এই পরম্পরার মধ্য দিয়ে জঙ্গলমহলের মানুষ তাঁদের নিজস্ব লোকসংস্কৃতিকে টিকিয়ে রেখেছেন।