শিয়ালদহ-হাসনাবাদ শাখায় রেললাইনে ফাটল, ব্যাহত ট্রেন চলাচল
শিয়ালদহ-হাসনাবাদ শাখার ভ্যাবলা স্টেশনের কাছে রেললাইনে একটি বড় ফাটল নজরে আসায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। স্থানীয় এক ব্যক্তি লাইনে ফাটলটি দেখতে পেয়ে দ্রুত রেল কর্তৃপক্ষ, জিআরপি এবং স্টেশন মাস্টারকে খবর দেন। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে তড়িঘড়ি সিগন্যাল লাল করে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর ফলে প্ল্যাটফর্মে ঢোকার আগেই একাধিক লোকাল ট্রেন আটকে পড়ে।
দীর্ঘ এক ঘণ্টারও বেশি সময় ধরে ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হয়েছেন নিত্যযাত্রীরা। ছুটির পর এদিন অফিস, স্কুল ও কলেজ খোলায় যাত্রীদের ভিড় ছিল বেশি। ট্রেন চলাচল স্তব্ধ হয়ে যাওয়ায় অনেক যাত্রী ট্রেন থেকে নেমে বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। অফিসগামী যাত্রীদের মধ্যে এই ঘটনায় ব্যাপক ক্ষোভ ও হয়রানি তৈরি হয়েছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ফাটল নজরে আসার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট স্টেশন মাস্টারদের সতর্ক করা হয়েছে। বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় রেললাইনের ফাটল মেরামতির কাজ চলছে। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার জন্য রেলের প্রযুক্তিবিদরা কাজ করছেন বলে জানানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওই শাখায় ট্রেন চলাচল নিয়ন্ত্রিত থাকবে।