বসিরহাটের ভ্যাবলা স্টেশনে রেললাইনে ফাটল, শিয়ালদহ শাখায় ব্যাহত ট্রেন চলাচল
শিয়ালদহ শাখার বসিরহাট স্টেশনের কাছে ভ্যাবলা স্টেশনে রেললাইনে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। স্থানীয় এক ব্যক্তি প্রথম এই ফাটলটি লক্ষ্য করেন এবং সঙ্গে সঙ্গে রেল কর্তৃপক্ষ ও জিআরপি-কে খবর দেন। খবর পাওয়ার পরেই তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
রেল সূত্রে জানা গিয়েছে, ফাটলটি নজরে আসার সময় একটি ট্রেন স্টেশনে ঢোকার অপেক্ষায় ছিল। বড় দুর্ঘটনা এড়াতে দ্রুত সিগন্যাল লাল করে দেওয়া হয়, যার ফলে ট্রেনটি প্ল্যাটফর্মে ঢোকার আগেই দাঁড়িয়ে পড়ে। এই ঘটনার জেরে ওই লাইনের একাধিক স্টেশনে ট্রেন আটকে পড়ায় দীর্ঘ এক ঘণ্টারও বেশি সময় ধরে পরিষেবা ব্যাহত হয়েছে।
ছুটির দিন কাটিয়ে অফিসমুখী যাত্রীরা এই ঘটনায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন। অনেকে ট্রেন থেকে নেমে বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় ফাটল মেরামতির কাজ চলছে। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে রেলের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।