বিতর্কিত মন্তব্যের জেরে বিধায়ক তফাজ্জল হোসেনকে শোকজ করল বিজেপি

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে ত্রিপুরা বিজেপির বিধায়ক তফাজ্জল হোসেনকে শোকজ নোটিশ পাঠাল দলের শৃঙ্খলা রক্ষা কমিটি। বৃহস্পতিবার কমিটির আহ্বায়ক তাপস ভট্টাচার্য এই নোটিশ জারি করেন। ভাইরাল ওই ভিডিওতে বিধায়ক জনজাতি সম্প্রদায়ের খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ। পাশাপাশি মুখ্যমন্ত্রী মানিক সাহা ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে কাল্পনিক প্রচার চালানোর অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

দলীয় নেতৃত্বের মতে, একজন নির্বাচিত জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের আচরণ অনভিপ্রেত। এই মন্তব্য রাজ্যের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে অসন্তোষ ও উদ্বেগের সৃষ্টি করেছে। ত্রিপুরার মতো বহুজাতিক রাজ্যে সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি, সেখানে বিধায়কের এই বক্তব্য রাজনৈতিক ও সামাজিক উভয় ক্ষেত্রেই অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ও তিপ্রা মথা বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। এছাড়া কয়েকটি সংগঠনের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে থানায় এফআইআর-ও দায়ের করা হয়েছে।

শোকজ নোটিশে বিধায়ককে সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার উপযুক্ত ব্যাখ্যাও তলব করেছে দল। মুখ্যমন্ত্রী মানিক সাহা আগেই জানিয়েছিলেন বিষয়টি দলীয়ভাবে দেখা হবে। এখন বিধায়কের উত্তরের অপেক্ষায় রয়েছে বিজেপি নেতৃত্ব। তাঁর ব্যাখ্যার ওপর ভিত্তি করেই পরবর্তী সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে। আসন্ন পুর নির্বাচনের আগে এই বিতর্ক শাসক দলের জন্য বেশ অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *