মাঝেরহাটে লরির চাকায় পিষ্ট ষষ্ঠ শ্রেণির ছাত্র, এলাকায় তীব্র উত্তেজনা
কলকাতার মাঝেরহাট স্টেশন সংলগ্ন এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হলো ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের। মৃত কিশোরের নাম অনমোল ঝা, যার বয়স আনুমানিক ১২ বছর। জানা গিয়েছে, দুপুরে টিউশন থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার সময় একটি সিমেন্ট বোঝাই ১২ চাকার লরি তাকে সজোরে ধাক্কা মারে। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই ছাত্রের মৃত্যু হয়। ঘটনার পর থেকেই ঘাতক লরির চালক পলাতক রয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। ব্যস্ত সময়ে শহরের জনবহুল এলাকায় কীভাবে ১২ চাকার ভারী লরি প্রবেশ করল, তা নিয়ে প্রশ্ন তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসী। ট্রাফিক পুলিশের নজরদারি ও ‘নো-এন্ট্রি’ নিয়ম কার্যকর করার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। উত্তপ্ত জনতা ঘাতক লরিটির সামনের কাচ ভেঙে ফেলে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও ট্রাফিক পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছান। বিক্ষুব্ধ জনতাকে শান্ত করতে পুলিশকে বেশ বেগ পেতে হয়। ট্রাফিক ব্যবস্থাপনায় কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ। ঘাতক লরিটিকে আটক করা হয়েছে এবং পলাতক চালকের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।