রাজ্যে মানুষ-হাতি সংঘাতের ভয়াবহ পরিসংখ্যান: ২৫ বছরে প্রাণ হারিয়েছেন ১৭৬১ জন, মৃত ৭৫৩ হাতি

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০০০ থেকে ২০২৫ সাল পর্যন্ত দীর্ঘ ২৫ বছরে রাজ্যে হাতির হানায় ১ হাজার ৭৬১ জন মানুষের মৃত্যু হয়েছে এবং ২৯৮ জন আহত হয়েছেন। একই সময়ে রাজ্যে ৭৫৩টি হাতির মৃত্যু হয়েছে। রাজ্যের ৩৬টি বন বিভাগ জুড়ে চালানো এই সমীক্ষায় দেখা গেছে, উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চল এবং দক্ষিণবঙ্গের বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলা মানুষ-বন্যপ্রাণ সংঘাতের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। খাবারের সন্ধানে লোকালয়ে হাতির প্রবেশ এবং স্বাভাবিক চলাচলের পথে মানুষের বসতি ও পরিকাঠামো গড়ে ওঠাই এই সংঘাতের মূল কারণ।

সমীক্ষায় উঠে এসেছে, ৭৫৩টি হাতির মৃত্যুর মধ্যে ৫০৮টি স্বাভাবিক কারণে ঘটলেও ২৪৫টি মৃত্যুর পেছনে রয়েছে মানুষের কার্যকলাপ। এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক হলো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১১টি হাতির মৃত্যু। ফসল রক্ষার জন্য অবৈধ বিদ্যুৎ সংযোগ এবং নিচু তারের কারণে এই প্রাণহানি ঘটছে। এছাড়া রেল দুর্ঘটনায় ৯৩টি, চোরাশিকারের কারণে ৩১টি, বিষপ্রয়োগে ৬টি এবং সড়ক দুর্ঘটনায় ৩টি হাতির মৃত্যু হয়েছে। বর্ষাকালে জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে সংঘাতের ঘটনা সবচেয়ে বেশি ঘটে থাকে।

বিশেষজ্ঞদের মতে, এই রক্তক্ষয়ী সংঘাত কমাতে রাজ্যের ২৬টি চিহ্নিত হাতির করিডোর রক্ষা করা অত্যন্ত জরুরি। রেললাইনে সেন্সরভিত্তিক প্রযুক্তি ব্যবহার, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি কমানো এবং হাতি চলাচলের জন্য নিরাপদ আন্ডারপাস তৈরির মতো পরিকাঠামোগত পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। বনভূমির স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা এবং প্রযুক্তিনির্ভর সতর্কীকরণ ব্যবস্থা কার্যকর করার মাধ্যমেই কেবল মানুষ ও বন্যপ্রাণীর এই সংঘাত নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *