পুলিশকে হুমকির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা
পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা ও অন্যান্য পুলিশ আধিকারিকদের নিয়ে করা মন্তব্যের জেরে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়া এবং হুমকির অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় গিরিশ পার্ক থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। গত ৩১ অক্টোবর তাঁর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ জমা পড়ার পরই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়।
গত বৃহস্পতিবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পুরসভার বুলডোজার অভিযান ঘিরে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়ায়। প্রশাসনের পক্ষ থেকে তাঁর বাড়ির সামনের ফুটপাথে থাকা বাঁশের অস্থায়ী কাঠামো, শেড এবং কালো লোহার গেট গ্যাসকাটার দিয়ে কেটে সরিয়ে ফেলা হয়। এমনকি বাড়ির সামনে থাকা শহিদ বেদিও ভেঙে ফেলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
নিজের বাড়ির সামনে এই পুলিশি অভিযানের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন যে, তাঁর ওপর হামলার ছক কষা হচ্ছে। ভাইফোঁটার দুপুরে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তিনি দাবি করেন, কলকাতা পুলিশের স্টিকার লাগানো বাইকে আসা ব্যক্তিরা তাঁর বাড়ির ওপর নজরদারি চালাচ্ছেন। প্রশাসনের এই পদক্ষেপের মাধ্যমে তাঁকে ভয় দেখিয়ে কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ তুলেছেন।