২০২৫ সালের নিয়োগ প্রক্রিয়া থেকে ১২ জন বিতর্কিত প্রার্থীর নাম বাদ দিল এসএসসি

পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ২০২৫ সালের গ্রুপ ‘ডি’ নিয়োগ প্রক্রিয়া থেকে ১২ জন প্রার্থীর নাম বাতিল করেছে। শুক্রবার কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। অভিযুক্ত এই ১২ জন প্রার্থীকে নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী কোনো ধাপেই অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না বলে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশন সূত্রে জানা গেছে, বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে চারজন ২০১৬ সালের প্রথম এসএলএসটি এবং আটজন তৃতীয় আরএলএসটি নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছিলেন। এঁদের মধ্যে অনেকের নাম সিবিআইয়ের ‘দাগি’ প্রার্থীদের তালিকায় ছিল, আবার কেউ ওএমআর শিটে গরমিলের দায়ে অভিযুক্ত ছিলেন। অলকেশ বর্মন, সাদ্দাম হোসেন, অনিন্দিতা মাইতি, অমিত মণ্ডল, মিলন দাস, অজয় বর্মন, মহম্মদ রশিদুল শেখ, অমল সরকার, মহম্মদ ফিরোজ আলম, সুমন আচার্য বৈষ্ণব, অপর এক সাদ্দাম হোসেন এবং শীলারানি মন্ত্রীর নাম এই তালিকায় রয়েছে।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বিভিন্ন শিক্ষক সংগঠন প্রশ্ন তুলেছে। অযোগ্য ও দাগি হিসেবে চিহ্নিত হওয়ার পরেও কীভাবে তাঁরা নতুন নিয়োগের পরীক্ষায় বসার সুযোগ পেলেন এবং কীভাবে তাঁদের নামে অ্যাডমিট কার্ড ইস্যু হলো, তা নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক মহল। কমিশনের এই ত্রুটিপূর্ণ পদক্ষেপের ফলে নিয়োগ প্রক্রিয়ার নজরদারি ব্যবস্থা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *