বাংলায় নতুন রাজ্য সমন্বয় কমিটি গঠন করল ককরোচ জনতা পার্টি
দেশের ১০টি রাজ্য ও অঞ্চলে নতুন জোনাল ইনচার্জ নিয়োগের পাশাপাশি রাজ্য ও আঞ্চলিক সমন্বয় কমিটি ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (CJP)। পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর, রাজস্থান, হরিয়ানা, ঝাড়খণ্ড, উত্তর-পূর্বাঞ্চল, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তরাখণ্ডে এই নতুন কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে উত্তরপ্রদেশে ১৬ জন সদস্য নিয়ে সবচেয়ে বড় কমিটি তৈরি হয়েছে। এছাড়া মহারাষ্ট্রে ১৫ জন, ঝাড়খণ্ড ও উত্তর-পূর্বাঞ্চলে ১৪ জন করে, বিহারে ১৩ জন এবং পশ্চিমবঙ্গে ১২ জন সদস্যকে কমিটিতে রাখা হয়েছে।
পশ্চিমবঙ্গের ১২ সদস্যের রাজ্য সমন্বয় কমিটিতে রয়েছেন আসলামুদ্দিন মণ্ডল, বেনিগন আফরোজ হক, কল্লোল মাহাতো, কিংশুক চট্টোপাধ্যায়, মাবসেদুল রহমান মোল্লা, মহম্মদ মজিবুর রহমান, মিনহাজ হক, মীর রাকিব আলি, নওয়াজ শরিফ, রণজিৎ কোলে, সালামুদ্দিন আনসারি এবং সংকেত পতি। আঞ্চলিক দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে ক্ষিতিজ পাগারকে পশ্চিম অঞ্চলের এবং ড. বিবেক সাংওয়ানকে উত্তর অঞ্চলের ইনচার্জ হিসেবে নিযুক্ত করা হয়েছে।
চলতি বছরের মে মাসে অনলাইন ব্যঙ্গাত্মক উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করা এই সংগঠনটি নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে টানা ৩৬ দিন বিক্ষোভ প্রদর্শন করেছিল। পরবর্তীতে এসআইআর এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতেও সরব হয়েছে এই তরুণ ব্রিগেড। বাংলাসহ ১০টি রাজ্যে নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠন বিস্তারের পথে হাঁটছে ককরোচ জনতা পার্টি। এখন তাদের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর রয়েছে ওয়াকিবহাল মহলের।